ঘর ছাড়লেন কুম্ভমেলার ‘ভাইরাল গার্ল’! পুলিশি নিরাপত্তায় মন্দিরে ভিনধর্মী বিয়ে মোনালিসার!

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করে রাতারাতি সেনসেশন হওয়া ১৮ বছর বয়সী মোনালিসা ভোঁসলে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে এবার কোনো ভাইরাল ভিডিও নয়, বরং নিজের বিয়ের খবরে নেটপাড়া কাঁপালেন তিনি। পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও গত ১১ মার্চ পুলিশি নিরাপত্তায় প্রেমিক ফরমান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তরুণী। কেরলের পুভারের কাছে অরুণানুর শ্রী নৈনার দেব মন্দিরে হিন্দু রীতি মেনেই সম্পন্ন হয় এই আলোচিত বিয়ে।
মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা মোনালিসার সঙ্গে মহারাষ্ট্রের ফরমানের পরিচয় হয় মাস ছয়েক আগে সোশ্যাল মিডিয়ায়। প্রেম গভীর হতেই বাধা হয়ে দাঁড়ায় ধর্ম। ভিন্ন ধর্মের হওয়ায় মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে এই সম্পর্ক মানতে রাজি ছিলেন না। অভিযোগ ওঠে, মোনালিসাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবার। সম্প্রতি কেরলে নিজের প্রথম মালয়ালাম ছবি ‘নাগাম্মা’-র শুটিং চলাকালীন তাঁর বাবা তাঁকে জোর করে নিয়ে যেতে এলে পরিস্থিতি চরমে পৌঁছায়। এরপরই মোনালিসা ও ফরমান তিরুবনন্তপুরমের থাম্পানুর থানার দ্বারস্থ হন। পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দেয়, মোনালিসা সাবালিকা হওয়ায় নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার আইনি অধিকার তাঁর রয়েছে।
লাল শাড়ি আর সিঁথিতে সিঁদুর মেখে মোনালিসা যখন প্রথাগত মুন্ডু ও শার্ট পরা ফরমানের পাশে দাঁড়ান, তখন তাঁদের আশীর্বাদ করতে হাজির ছিলেন কেরলের শিক্ষামন্ত্রী ভি. শিবানকুট্টিসহ একাধিক শীর্ষ বাম নেতা। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই উত্তাল সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের একপক্ষ একে ‘ভালোবাসার জয়’ বললেও অন্যপক্ষ এই ঘটনাকে বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’-র বাস্তব রূপ হিসেবে বর্ণনা করছেন। বর্তমানে ‘নাগাম্মা’ ছবির পাশাপাশি বলিউড ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন মোনালিসা।