দিল্লিতে বসছে চাঁদের হাট! ‘নমন’ পুরস্কারে সেরা শুভমান গিল, জীবনকৃতি সম্মান পাচ্ছেন দ্রাবিড় ও মিতালি!

আগামী ১৫ মার্চ দিল্লির রাজকীয় সন্ধ্যায় বসতে চলেছে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র সমাবেশ। বিসিসিআই-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান তথা ‘নমন’ অ্যাওয়ার্ডসে এবার আকর্ষণের কেন্দ্রে তরুণ তুর্কি শুভমান গিল এবং কিংবদন্তি রাহুল দ্রাবিড়। বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেটে ক্রিকেটার ও কোচ হিসেবে অসামান্য অবদানের জন্য রাহুল দ্রাবিড়কে মর্যাদাপূর্ণ ‘কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। একইসঙ্গে মহিলা ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজকেও জীবনকৃতি সম্মানে ভূষিত করা হবে।
অন্যদিকে, গত মরসুমে ব্যাটে হাতে বিধ্বংসী ফর্মের জন্য ‘বর্ষসেরা ক্রিকেটারের’ শিরোপা উঠতে চলেছে শুভমান গিলের মাথায়। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া অলরাউন্ড পারফরম্যান্সের জন্য আয়ূষ মাত্রে পাচ্ছেন ‘লালা অমরনাথ পুরস্কার’। এই মেগা অনুষ্ঠানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন টি-২০ বিশ্বজয়ী দল, হরমনপ্রীত কৌরের বিশ্বকাপ জয়ী মহিলা দল এবং অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়াকেও বিশেষ সংবর্ধনা জানাবে বোর্ড।
তবে উৎসবের আমেজের মাঝেই আইপিএল নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ ঘনীভূত হচ্ছে। ইরান বনাম আমেরিকা-ইজরায়েল যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে টি-২০ বিশ্বকাপ শেষ হলেও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা দীর্ঘ সময় ভারতে আটকে ছিলেন। আগামী আইপিএলের আগে বিদেশি ক্রিকেটাররা সময়মতো ভারতে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রবল সংশয়। দুবাই বা আবুধাবি হয়ে ভারতে আসার রুটটি সংঘাতের কারণে বিপজ্জনক হয়ে ওঠায় ফ্র্যাঞ্চাইজি দলগুলো এখন উৎকণ্ঠায় দিন গুনছে।