রান্নার গ্যাস বুকিং করার কতদিনের মধ্যে পাবেন সিলিন্ডার? জেনেনিন নয়া আপডেট

নয়াদিল্লি: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের কালো মেঘ। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারতেও রান্নার গ্যাস (LPG) নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বেঙ্গালুরু থেকে কলকাতা—সিলিন্ডারের অভাবে অনেক রেস্তোরাঁ বন্ধের উপক্রম। এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করে বড় আপডেট দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সরকার জানিয়েছে, রান্নার গ্যাস নিয়ে দুশ্চিন্তার কারণ নেই; বুকিং করার মাত্র ২.৫ দিনের মধ্যেই গ্রাহকের দুয়ারে পৌঁছে যাবে সিলিন্ডার।
সঙ্কট মেটাতে সরকারের কড়া পদক্ষেপ: দেশজুড়ে তৈরি হওয়া ‘গ্যাস প্যানিক’ রুখতে মোদী সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গ্রাহকদের সুরক্ষায় দাম বৃদ্ধির বোঝা সরকার নিজের কাঁধে নিয়েছে। চাহিদা সামাল দিতে রাষ্ট্রায়ত্ত তিন তেল সংস্থাকে উৎপাদন বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্য়েই এলপিজি উৎপাদন ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে খবর।
কেন এই আকাল ও বিভ্রান্তি? কলকাতা ও সংলগ্ন এলাকায় বহু গ্রাহক অভিযোগ করছিলেন যে, অনলাইন বা অফলাইনে গ্যাস বুকিং করতে সমস্যা হচ্ছে। বহু জায়গায় বুকিং করার অনেকদিন পরেও সিলিন্ডার মিলছিল না। এমনকি কসবার মতো এলাকায় অটোর দীর্ঘ লাইনও চোখে পড়েছে। এই অচলাবস্থা কাটাতে সরকার এখন মধ্যপ্রাচ্যের বিকল্প রুট দিয়ে গ্যাস ও তেল আনার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল স্পষ্ট জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো অভাব নেই।
বদল এল নিয়মে: চাহিদা ও যোগানের ভারসাম্য বজায় রাখতে একটি সাময়িক পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। এর ফলে মজুতদারিতে লাগাম টানা সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রক। যদিও বিরোধীদের দাবি, সরকারের সঠিক পরিকল্পনার অভাবেই সাধারণ মানুষকে আজ এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে সরকারি আশ্বাসে সাধারণ মানুষের চিন্তা কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে।