গঙ্গার পাড়ে গতির বিপ্লব! ১১ ঘণ্টার পথ মাত্র ৬ ঘণ্টায়, উত্তরপ্রদেশে খুলছে সাফল্যের দুয়ার!

ভারতের পরিকাঠামো উন্নয়নের ইতিহাসে এক নতুন স্বর্ণালি অধ্যায় শুরু হতে চলেছে। উত্তরপ্রদেশের মেরঠ থেকে প্রয়াগরাজ পর্যন্ত ৫৯৪ কিলোমিটার দীর্ঘ ‘গঙ্গা এক্সপ্রেসওয়ে’ এখন উদ্বোধনের অপেক্ষায়। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গ্রিনফিল্ড প্রকল্পটি শুধুমাত্র একটি রাস্তা নয়, বরং উত্তর ভারতের অর্থনৈতিক জীবনরেখা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। এই প্রকল্পের সিংহভাগ (প্রায় ৪৬৪ কিমি) নির্মাণ করেছে আদানি এন্টারপ্রাইজেসের সহযোগী সংস্থা ‘আদানি রোড ট্রান্সপোর্ট লিমিটেড’। বাকি অংশের দায়িত্বে ছিল আইআরবি ইনফ্রাস্ট্রাকচার।

এই এক্সপ্রেসওয়ের সবথেকে বড় চমক হলো এর নির্মাণ গতি। মাত্র ৩ বছর ৩ মাসে রেকর্ড সময়ে কাজ শেষ করে ভারত তার আধুনিক প্রকৌশলবিদ্যার ক্ষমতা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে। বর্তমানে মেরঠ থেকে প্রয়াগরাজ যেতে যেখানে ১১ ঘণ্টা সময় লাগে, এই হাইওয়ে চালুর পর তা নেমে আসবে মাত্র ৬ ঘণ্টায়। ফলে যাত্রীদের ৫ ঘণ্টা সময় বাঁচবে এবং প্রায় ৩০ শতাংশ জ্বালানি সাশ্রয় হবে। এই পথ ১২টি জেলা ও ৫১৯টি গ্রামকে সরাসরি সংযুক্ত করবে, যার ফলে উপকৃত হবেন প্রায় ৮ কোটি মানুষ।

ভবিষ্যতের কথা ভেবে এটি ৬ লেনের হলেও ৮ লেনে সম্প্রসারণযোগ্য করে তৈরি করা হয়েছে। বন্যার হাত থেকে বাঁচাতে রাস্তাটি ভূমিস্তর থেকে ৬ মিটার উঁচুতে গড়া হয়েছে। যাতায়াত আরামদায়ক করতে ব্যবহার করা হয়েছে বিশেষ ‘পলিমার মডিফাইড বিটুমেন’। এছাড়া যাত্রীদের সুবিধার্থে থাকছে ২০টি ইভি চার্জিং স্টেশন, শপিং প্লাজা, ফুড কোর্ট এবং জরুরি ট্রমা সেন্টার। ৯ লক্ষ চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্যও বজায় রাখা হয়েছে। আদানি গোষ্ঠীর লক্ষ্য, এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে ভারতের উচ্চ লজিস্টিক্স খরচ (বর্তমানে জিডিপির ১৪%) কমিয়ে উন্নত দেশের সারিতে নিয়ে আসা। ১১টি শিল্প করিডোর এবং তীর্থস্থানগুলির মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে এই প্রকল্প লক্ষ লক্ষ কর্মসংস্থান ও পর্যটনের নতুন দিগন্ত খুলে দেবে।

Saheli Saha
  • Saheli Saha