মহাকুম্ভের VIRAL মোনালিসা বিয়ে করলেন মুসলিমকে, জেনেনিন কে এই ফরমান?

প্রয়াগরাজের সেই শ্যামলা রঙের মায়াবী চোখ, খোলা চুল আর রুদ্রাক্ষের মালা হাতে ভাইরাল হওয়া সেই মেয়েটিকে মনে আছে? রাতারাতি ‘কুম্ভমেলা গার্ল’ তকমা পাওয়া মোনালিসা ভোঁসলে এবার নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন। সমস্ত সামাজিক ও পারিবারিক বাধা টপকে দীর্ঘদিনের পার্টনার ফরমান খানকে বিয়ে করলেন তিনি। তবে এই বিয়ে কেবল রোমান্টিক নয়, রীতিমতো পুলিশি পাহারায় কেরলের বাম সরকারের ছত্রছায়ায় সম্পন্ন হয়েছে।
কেন পুলিশি সুরক্ষা? মোনালিসার পরিবার এই ভিনধর্মী সম্পর্ক মেনে নিতে নারাজ ছিল। ইন্দোরের বাসিন্দা মোনালিসাকে জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁর বাবা। নিরাপত্তার অভাব বোধ করায় কেরল পুলিশের দ্বারস্থ হন যুগল। যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই কেরলের পিনারাই বিজয়ন সরকার তাঁদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে এগিয়ে আসে। তিরুবনন্তপুরমের নাইনার মন্দিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় চার হাত এক হয় তাঁদের।
উপস্থিত হেভিওয়েট নেতারা: মোনালিসা ও ফরমানের বিয়েতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন কেরলের প্রথম সারির বাম নেতারা। ভি শিবাকুট্টি থেকে এএ রহিমের মতো রাজনীতিকরা নবদম্পতিকে আশীর্বাদ জানান। নেতা এএ রহিম বলেন, “এই বিয়ে কেরলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংবিধানিক অধিকারের প্রতিফলন।”
৬ মাসের প্রেমেই বাজিমাত: বিয়ের পর উচ্ছ্বসিত মোনালিসা জানান, কেরল তাঁদের অত্যন্ত পছন্দের জায়গা বলেই এখানে বিয়ের সিদ্ধান্ত। অন্যদিকে পেশায় অভিনেতা স্বামী ফরমান বলেন, “আমাদের সম্পর্কের বয়স মাত্র ছয় মাস হলেও মনে হয় যেন ৬০ বছরের চেনা।” শুটিংয়ের সূত্রেই আলাপ এবং সেখান থেকেই পরিণয়।
রুদ্রাক্ষ বিক্রেতা থেকে ভাইরাল সেনসেশন: উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় এক কনটেন্ট ক্রিয়েটরের ক্যামেরায় ধরা দিয়েছিলেন মোনালিসা। সেই ভিডিও ভাইরাল হতেই রাতারাতি জাতীয় পরিচিতি পান তিনি। পরে ছবির কাজে কেরলে গিয়েই ফরমানের প্রেমে পড়েন এবং শেষমেশ যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন এই ভাইরাল গার্ল।