শেয়ার বাজারে রক্তস্নান! ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কোন কোন স্টকে বড় ক্ষতি?

বুধবারের ধাক্কা সামলে ওঠার আগেই বৃহস্পতিবার সকালে কার্যত ধসে পড়ল ভারতের শেয়ার বাজার। বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স (Sensex) প্রায় ৯৭৮ পয়েন্ট পড়ে যায়। অন্যদিকে, নিফটিও (Nifty) মুখ থুবড়ে পড়েছে প্রায় ২৭৫ পয়েন্ট। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের দামামা এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কাই দালালে স্ট্রিটে এই ‘ব্ল্যাক থার্সডে’-র মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পতন কোন কোন শেয়ারে? আজকের এই ধসে বড়সড় লোকসানের মুখে পড়েছে ব্লু-চিপ সংস্থাগুলি। এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, টিসিএস, আইটিসি এবং এসবিআই-এর মতো হেভিওয়েট শেয়ারগুলোর দাম হুহু করে পড়েছে। এমনকি জোম্যাটো এবং ইন্ডিগোর মতো জনপ্রিয় স্টকগুলিও আজ লাল জোনে। তবে এই ভয়াবহ পরিস্থিতিতেও কিছুটা ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে রিলায়েন্সের (Reliance) শেয়ারে, যা বর্তমানে গ্রিন জোনে রয়েছে।
কেন এই মহাধস? বাজার বিশেষজ্ঞদের মতে, এই পতনের পেছনে প্রধান ৩টি কারণ রয়েছে:
১. যুদ্ধ পরিস্থিতি: ইরান ও মধ্যপ্রাচ্যের সংঘাত থামার কোনো লক্ষণ নেই। এই অস্থিরতায় বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন।
২. বিদেশি বিনিয়োগকারীদের পলায়ন: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) ভারতীয় বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করে চলে যাচ্ছেন।
৩. জ্বালানি আতঙ্ক: যুদ্ধ পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতের অর্থনীতি ও আমদানিকারক সংস্থাগুলোর ওপর।
বিনিয়োগকারীদের জন্য টিপস: শেয়ার বাজারের এই টালমাটাল অবস্থায় হুজুগে পড়ে কেনাবেচা না করাই বুদ্ধিমানের কাজ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমান পরিস্থিতিতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অভিজ্ঞ ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিজের কষ্টার্জিত টাকা সুরক্ষিত রাখতে সঠিক রিসার্চ এবং ধৈর্যই এখন প্রধান হাতিয়ার।
(সতর্কীকরণ: এই প্রতিবেদনটি কেবলমাত্র তথ্যের উদ্দেশ্যে লেখা। শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। কোনো বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)