হু হু করে জ্বলছে মার্কিন তেল ট্যাঙ্কার, মাঝসমুদ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড! বলি ভারতীয় নাবিক

পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে অব্যাহত মৃত্যুমিছিল। ইজ়রায়েল-আমেরিকা বনাম ইরান সংঘাতের বলি হলেন আরও এক ভারতীয় নাগরিক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ইরাকের উপকূলবর্তী এলাকায় আমেরিকার দুটি তেল ট্যাঙ্কারে ইরান হামলা চালালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গত দুই সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত মোট তিন জন ভারতীয়র প্রাণহানি ঘটল।
জানা গিয়েছে, ইরাকের জলসীমার মধ্যে খোর আল জুবায়ের বন্দরের কাছে ‘সাফেসি বিষ্ণু’ নামক জাহাজে থাকা দুটি মার্কিন তেল ট্যাঙ্কারে হামলা চালায় ইরানের শক্তিশালী নৌকা। হামলার তীব্রতায় মুহূর্তের মধ্যে ট্যাঙ্কার দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ইতিমধ্যেই সেই ভয়াবহ দৃশ্যের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে জাহাজের ডেক থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে এবং ক্রমাগত তেল চুঁইয়ে সমুদ্রে মিশছে। জাহাজটিতে প্রায় ৪ লক্ষ ব্যারেল তেল মজুত ছিল বলে খবর।
এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারানো ভারতীয় নাগরিকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। তবে জাহাজে থাকা বাকি ২৭ জন কর্মী ও সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দক্ষিণ ইরাকের বসরা শহরে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি আজ ১৩ দিনে পদার্পণ করল। এখনও পর্যন্ত এই সংঘাতে ৩ জন ভারতীয়র মৃত্যু ছাড়াও ২০ জনেরও বেশি আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিনেই এই সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, পশ্চিম এশিয়ার এই ভয়াবহ যুদ্ধে এ পর্যন্ত দু’জন ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। বিদেশমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেন। একইসঙ্গে তিনি জানান, ইরানে এখনও প্রচুর ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে প্রায় ১ কোটির বেশি ভারতীয় বসবাস করেন। বর্তমান পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে মোদী সরকার।