বহরমপুরে ফিরলেন ‘রবিনহুড’! গোরাবাজারের পুরনো ডেরায় অধীর, তবে কি এবার বিধানসভায় প্রার্থী?

লোকসভা নির্বাচনে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারের পর বেশ কিছুদিন রাজনৈতিকভাবে অন্তরালে ছিলেন তিনি। খোয়াতে হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদও। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণভেড়ি বাজতেই ফের স্বমহিমায় দেখা যাচ্ছে বহরমপুরের ‘রবিনহুড’ অধীররঞ্জন চৌধুরীকে। বুধবার হঠাৎই বহরমপুরের গোরাবাজারের সেই পরিচিত পুরনো ডেরায় ফিরলেন তিনি, যা নিয়ে মুর্শিদাবাদ জেলা ছাড়িয়ে গোটা রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।
বহরমপুর শহরের গোরাবাজারের এই বাড়িটিই ছিল অধীরের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রধান কার্যালয়। সাংসদ থাকাকালীন এখান থেকেই তিনি যাবতীয় কাজকর্ম সামলাতেন। বুধবার সেই চেনা বারান্দায় বসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর এই আকস্মিক উপস্থিতি এবং কর্মীদের আনাগোনা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অধীর এবার বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। নিজের হারানো জমি ফিরে পেতেই কি তবে ‘পুরনো ঘাঁটিতে’ এই প্রত্যাবর্তন?
প্রার্থী হওয়া প্রসঙ্গে অধীর নিজে সরাসরি কোনও সবুজ সংকেত দেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৃদু হেসে তিনি জানান, “ভোটে লড়ব কি না, সেই সিদ্ধান্ত এখনও নিইনি। আমরা কংগ্রেস দল, সবাই একসঙ্গে লড়ব।” তবে দলের হাইকম্যান্ডের উপর দায় ঠেলে দিলেও, যেভাবে তিনি মাটি কামড়ে লড়াই শুরু করেছেন, তাতে ঘনিষ্ঠ মহলের দাবি— বহরমপুর পুনরুদ্ধারই এখন তাঁর পাখির চোখ। কংগ্রেস এবার রাজ্যে একলা চলার নীতি নিয়েছে, ফলে বিধানসভায় দলের অস্তিত্ব রক্ষা করতে অধীরের মতো হেভিওয়েট নেতার লড়াই করাটা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে।