হরমুজ প্রণালীতে চরম বিপদ! ৭৭৮ জন ভারতীয়কে নিয়ে মাঝসমুদ্রে আটকে জাহাজ, উদ্ধারকাজে তৎপর কেন্দ্র

পশ্চিম এশিয়ায় আমেরিকা-ইজরায়েল বনাম ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়ল ভারতীয়দের ওপর। বুধবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পারস্য উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় কর্মরত দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন জলপথেও রক্তক্ষয়ী রূপ নিয়েছে।
কেন্দ্রীয় বন্দর ও জাহাজ পরিবহণ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এক সাংবাদিক বৈঠকে জানান, বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভারতের ২৮টি বাণিজ্যিক জাহাজ আটকে রয়েছে। এই জাহাজগুলিতে মোট ৭৭৮ জন ভারতীয় রয়েছেন। এর মধ্যে ৬৭৭ জন নাবিকসহ ২৪টি জাহাজ হরমুজ প্রণালীর পশ্চিম অংশে এবং ৪টি জাহাজ পূর্ব অংশে আটকা পড়ে আছে। আটকে পড়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে ভারতীয় দূতাবাস ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
মৃত দুই নাবিকের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ডিজি শিপিং-এর পক্ষ থেকে সমস্ত ভারতীয় জাহাজকে কড়া নিরাপত্তা প্রোটোকল মেনে চলার এবং প্রতি মুহূর্তের অবস্থান (Real-time tracking) জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধের জেরে আন্তর্জাতিক জলপথে পণ্যবাহী জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়ায় ভারতের রফতানি বাণিজ্যেও বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।