হরমুজ প্রণালীতে এবার থাইল্যান্ডের জাহাজে হামলা! লক্ষ্য ছিল গুজরাতের কান্ডালা বন্দর

পশ্চিম এশিয়ার উত্তেজনা এবার ভারতের বাণিজ্যিক পথে বড়সড় ধাক্কা দিল। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ৩০০০ টন পণ্য নিয়ে গুজরাতের কান্ডালা বন্দরের দিকে আসা থাইল্যান্ডের জাহাজ ‘ময়ুরী নারী’ (Mayuri Nari)-র ওপর ভয়াবহ হামলা চালানো হল হরমুজ প্রণালীতে। বুধবার ওমান উপকূল থেকে মাত্র ১১ নটিক্যাল মাইল দূরে এই ঘটনাটি ঘটে। হামলার জেরে জাহাজটিতে আগুন ধরে যায়।
থাইল্যান্ড সরকার এবং ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, জাহাজে থাকা ২০ জন নাবিককে ওমানের উপকূলরক্ষী বাহিনী উদ্ধার করতে পারলেও ৩ জন এখনও নিখোঁজ। আশঙ্কাজনকভাবে জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়েছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ‘প্রেশাস শিপিং’ নামক সংস্থার মালিকানাধীন এই জাহাজটি ঠিক কী ধরণের অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান বনাম আমেরিকা-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, শত্রু দেশ বা তাদের সহযোগীদের কোনও জাহাজ এই পথ দিয়ে যেতে দেওয়া হবে না। যদিও এই নির্দিষ্ট হামলার দায় এখনও কোনও পক্ষ স্বীকার করেনি, তবে ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর এই হামলা ভারতের জ্বালানি ও পণ্য আমদানিতে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।