‘কেরোসিনে ভর্তুকি দিন’, গ্যাস সঙ্কটের সমাধানে কেন্দ্রকে তোপ দেগে বিকল্প পথের ডাক মমতার

রাজ্যজুড়ে চলা রান্নার গ্যাসের (LPG) তীব্র আকাল মোকাবিলায় বুধবার নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, গ্যাসের সঙ্কটের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের ‘প্যানিক’ বা আতঙ্ক। সরবরাহ স্বাভাবিক রেখে এই আতঙ্ক কাটাতে প্রশাসনকে একগুচ্ছ কড়া নির্দেশ দিয়েছেন তিনি। আগামীকাল, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে থেকে সমস্ত জেলার ডিএম, এসপি এবং বিভাগীয় আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “সাপ্লাই চেন ঠিক করলেই মানুষের আতঙ্ক কমবে। প্রতিটি জেলায় নোডাল অফিসার রাখতে বলা হয়েছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গ্যাস মজুত বা কালোবাজারি না করতে পারে।” কোভিড পরিস্থিতির মতো সমন্বয় রক্ষা করে একটি নির্দিষ্ট এসওপি (SOP) তৈরির করার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন, “গ্যাস ইমপোর্ট করতে হয়, আমরা আত্মনির্ভর নই। কেন্দ্র সরবরাহ করতে না পারলে বিকল্প ব্যবস্থা করুক। কেরোসিনের ভর্তুকি বন্ধ করা হয়েছে, তা ফের চালু করে কেরোসিনকে সহজলভ্য করা হোক।”
রাজ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুত রাখা হয়, তার জন্য সরকারি আধিকারিকদের বিশেষ নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। ডিস্ট্রিবিউটারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ডেলিভারি পয়েন্ট বাড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি। সাধারণ মানুষের প্রতি তাঁর আবেদন, অকারণে গ্যাস মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করবেন না।