সঙ্কটেও ‘ঘাতক’ সিলিন্ডার! কে রান্না করবে? তুচ্ছ বিবাদে রুমমেটের মাথায় গ্যাস সিলিন্ডার মেরে খুন

দেশজুড়ে যখন রান্নার গ্যাসের তীব্র আকাল এবং জ্বালানি সঙ্কট নিয়ে হাহাকার চলছে, ঠিক তখনই মহারাষ্ট্রের পুণে থেকে এল এক হাড়হিম করা খবর। “আজ রাতে কে রান্না করবে?”—এই সামান্য প্রশ্নকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী খুনের রূপ নিল। রুমমেটের মাথায় ভারী এলপিজি (LPG) সিলিন্ডার দিয়ে আঘাত করে তাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুণের পিম্পরি-চিঞ্চওয়াড়ের মোশি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বালাজি মারুতি খান্ডারে (৩২)। অভিযুক্ত বন্ধু প্রদীপ বিট্টল গুন্ডারে (২৯)-কে গ্রেফতার করেছে এমআইডিসি ভোসারি থানার পুলিশ। দুজনেই মহারাষ্ট্রের লাতুর জেলার বাসিন্দা এবং কাজের সন্ধানে পুণেতে এসে একসঙ্গে ঘর ভাড়া করে থাকতেন। মঙ্গলবার রাতে খাবার রান্না নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। রাগের মাথায় প্রদীপ ঘরে থাকা গ্যাস সিলিন্ডারটি তুলে সজোরে বালাজির মাথায় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় স্তম্ভিত। একদিকে যখন যুদ্ধের প্রভাবে রান্নার গ্যাসের জোগান নিয়ে গোটা দেশ দুশ্চিন্তায়, তখন সেই সিলিন্ডারকেই খুনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার বিষয়টি এক অন্য মাত্রা পেয়েছে। এছাড়াও থানেতে এক উবার চালককে খুনের অভিযোগে ২১ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। একের পর এক এই ধরণের অপরাধমূলক ঘটনা শিল্পাঞ্চল পুণে ও সংলগ্ন এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।