রান্নার গ্যাসের মহাসঙ্কট! অনলাইনে বুকিং বন্ধ, হাহাকার শহর থেকে জেলায়—কোথায় দাঁড়াবে আমজনতা?

পশ্চিম এশিয়ার যুদ্ধের মেঘ এবার বাংলার হেঁশেলকে গ্রাস করল। কলকাতা থেকে শিলিগুড়ি, শহর থেকে জেলা—রান্নার গ্যাসের (LPG) হাহাকার এখন সর্বত্র। অনলাইন পোর্টালে বুকিং হচ্ছে না, অ্যাপ খুললেই মিলছে বিভ্রান্তিকর তথ্য। এই পরিস্থিতিতে মরিয়া সাধারণ মানুষ সকাল হতেই ভিড় জমাচ্ছেন ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে। দীর্ঘ অপেক্ষার পরও সুরাহা না মেলায় অনেক জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে।
কোচবিহারের মাথাভাঙায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে গ্রাহকরা ইন্ডেন ডিস্ট্রিবিউটারের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, ১০-১২ দিন আগে বুকিং করেও সিলিন্ডার মিলছে না। শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই ছবি ধরা পড়েছে শিলিগুড়ি, রাণাঘাট, জলপাইগুড়ি, চুঁচুড়া এবং বর্ধমানও। সার্ভার বিভ্রাটের কারণে গ্রাহকরা বুঝতে পারছেন না তাঁদের বুকিং আদৌ সফল হয়েছে কি না। অন্যদিকে, ডিস্ট্রিবিউটাররা দাবি করছেন, মানুষের মধ্যে ‘প্যানিক বুকিং’ বা আতঙ্কে আগাম বুক করার প্রবণতা বেড়ে যাওয়ায় ভাঁড়ারে টান পড়ছে।
শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, নবি মুম্বই থেকে বারাণসী—গোটা দেশেই একই চিত্র। কলকাতার সার্ভে পার্কের এক গ্রাহক আক্ষেপের সুরে জানালেন, “সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, অনলাইনে ৪-৫ দিন ধরে চেষ্টা করেও বুকিং নিচ্ছে না। অফিসে এসেও শুনছি এখন বুক করা যাবে না। এখন খাব কী?” এই অনিশ্চয়তার বাজারে গৃহস্থের হেঁশেল কীভাবে চলবে, তা নিয়েই এখন সবথেকে বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।