গ্যাস সঙ্কটে পকেটে টান? এবার রান্নার ধরণ বদলানোর পরামর্শ দিল ইন্ডিয়ান অয়েল!

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক টানাপোড়েনের প্রভাবে রাজ্যে রান্নার গ্যাসের (LPG) তীব্র সঙ্কট দেখা দিয়েছে। সাধারণ মানুষের পকেটে যখন টান পড়ছে, ঠিক তখনই গ্যাস সাশ্রয়ের এক বিশেষ উপায় বাতলে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ‘ইন্ডিয়ান অয়েল’ (IOC)। সংস্থাটির সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আমজনতাকে প্রেশার কুকারে রান্নার পরিমাণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান অয়েলের দাবি, প্রেশার কুকারে রান্না করলে একদিকে যেমন সময় সাশ্রয় হয়, তেমনই গ্যাসের খরচও অনেকটাই কমে। বিশেষ করে ভাত, ডাল এবং সবজির মতো নিত্যপ্রয়োজনীয় খাবারগুলো কড়াই বা হাঁড়ির বদলে কুকারে রাঁধলে দ্রুত সম্পন্ন হয়। বর্তমান পরিস্থিতিতে এলপিজি সংরক্ষণের এটিই অন্যতম কার্যকর পথ। তবে কুকারে রান্নার সময় কিছু সতর্কতাও অবলম্বন করতে বলা হয়েছে—বিশেষত রান্নার জল যাতে কোনোভাবেই শুকিয়ে না যায়, কারণ তাতে বড় ধরণের বিপত্তি ঘটতে পারে।

উল্লেখ্য, গ্যাসের এই অভাবের কারণে ইতিমধ্যেই বাংলার একাধিক ধর্মীয় স্থানে অন্নভোগ ও প্রসাদ বিতরণ বন্ধ হয়ে গিয়েছে। কলকাতার বাগবাজার মায়ের বাড়ি থেকে তমলুকের বর্গভীমা মন্দির—সব জায়গাতেই রান্না নিয়ে চরম সমস্যা দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন ক্যাটারার ব্যবসায়ীরাও। এই কঠিন সময়ে ইন্ডিয়ান অয়েলের এই পরামর্শ সাধারণ গৃহস্থের জন্য কিছুটা হলেও সুরাহা দেবে বলে মনে করা হচ্ছে।