৫০ বছরের রেকর্ড ভাঙল রিলায়েন্স! ৩০০ বিলিয়ন ডলারের মেগা ডিল নিয়ে আম্বানিকে ধন্যবাদ ট্রাম্পের

বিশ্বের এনার্জি সেক্টরে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারত ও আমেরিকা। গত ৫০ বছরের ইতিহাসে প্রথমবার আমেরিকার মাটিতে কোনো নতুন তৈল শোধনাগার বা রিফাইনারি তৈরি হতে চলেছে, আর সেই গুরুদায়িত্ব কাঁধে নিয়েছে ভারতীয় শিল্পগোষ্ঠী ‘রিলায়েন্স’। এই বিশাল কর্মকাণ্ডের জন্য খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারত ও রিলায়েন্সকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

টেক্সাসের ব্রাউনসভিলে তৈরি হতে চলা এই প্রজেক্টের অর্থমূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,০০০ কোটি ডলার)। ট্রাম্পের মতে, আমেরিকার অর্থনীতির জন্য এই বিনিয়োগ একটি গেম-চেঞ্জার। তিনি বলেন, “বিগত পাঁচ দশকে এই প্রথম আমেরিকার মাটিতে কোনো রিফাইনারি তৈরি হচ্ছে। এই বিনিয়োগের জন্য ভারত এবং তাদের বৃহত্তম এনার্জি কোম্পানিকে (রিলায়েন্স) অসংখ্য ধন্যবাদ।” ট্রাম্প আরও স্পষ্ট করেছেন যে, এই প্রজেক্টের ফলে আমেরিকায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং এটি সে দেশের জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষজ্ঞদের মতে, এটি কেবল একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং আমেরিকার ইতিহাসে অন্যতম বৃহত্তম বিদেশি বিনিয়োগ। এই শোধনাগারে বিশ্বের সবথেকে পরিশুদ্ধ তেল উৎপাদিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এটি দুই দেশের মধ্যে কোনো বৃহত্তর দ্বিপাক্ষিক চুক্তির অংশ কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তবে এই বিনিয়োগ যে বিশ্ব অর্থনীতিতে ভারতের এবং বিশেষ করে রিলায়েন্সের দাপট কয়েক গুণ বাড়িয়ে দিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।