‘মোদী আপস করেছেন!’ লোকসভায় রাহুলের বিষ্ফোরক মন্তব্যে রণক্ষেত্র সংসদ, তুঙ্গে রাজনৈতিক তরজা

ফের উত্তাল দেশের সংসদ। বুধবার লোকসভায় ‘এপস্টাইন ফাইল’ (Epstein Files) ইস্যু তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ‘প্রধানমন্ত্রী মোদী আপস করেছেন’। রাহুলের এই মন্তব্য ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ। শাসক ও বিরোধী শিবিরের সাংসদদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়, যার জেরে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয় লোকসভায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কংগ্রেস নেতার বক্তব্য শেষ করার আগেই তাঁকে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

রাহুল গান্ধীর এই আক্রমণাত্মক মন্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। বর্ষীয়ান বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ রাহুলের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি কড়া ভাষায় জানান, “প্রধানমন্ত্রী মোদী কখনওই কোনও বিষয়ে আপস করেননি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এধরণের অবমাননাকর এবং ভিত্তিহীন মন্তব্য বিজেপি বরদাস্ত করবে না।” পালটা জবাবে তিনি মনে করিয়ে দেন, ইউপিএ জমানায় স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ও তৎকালীন বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদভানিকে কথা বলতে বাধা দিয়েছিলেন, সুতরাং সংসদীয় বিতর্ক নতুন কিছু নয়।

বক্তব্যে বাধা পেয়ে ক্ষোভ উগরে দেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, এর আগেও যখনই তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে মৌলিক প্রশ্ন তোলার চেষ্টা করেছেন, তখনই তাঁকে পরিকল্পিতভাবে থামিয়ে দেওয়া হয়েছে। রাহুলের কথায়, “সংসদ গোটা দেশের মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করার জায়গা, কোনও একটি রাজনৈতিক দলের নয়। এখানে বিরোধীদের কথা বলার সুযোগ থাকা উচিত এবং সরকার পক্ষের শোনার ধৈর্য থাকা প্রয়োজন।” স্পিকারের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্র নিয়ে রাহুলের এই প্রশ্ন তোলা নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।