কয়লাপাচারের ‘প্রোটেকশন মানি’ কি প্রাক্তন ওসির পকেটে? ফের মনোরঞ্জনের বাড়িতে ইডি হানা!

কয়লাপাচার কাণ্ডের তদন্তে এবার আরও কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার অঞ্চলের অম্বুজা টাউনশিপে বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে অতর্কিতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এলাকা ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে তল্লাশির পাশাপাশি মনোরঞ্জনের গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে হাজিরার কড়া নোটিস। আগামী ১৩ মার্চ দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁকে ইডি দপ্তরে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে।
অভিযোগ উঠেছে, কয়লা মাফিয়াদের থেকে মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ নিতেন এই পুলিশ আধিকারিক। কয়লা ব্যবসায়ীদের কালো টাকা পাচারেও তাঁর সরাসরি যোগসূত্র রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এর আগে গত ৩ ফেব্রুয়ারি তৎকালীন বুদবুদ থানার দায়িত্বে থাকা মনোরঞ্জনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। শুধু মনোরঞ্জনই নন, তাঁর স্ত্রীকেও তলব করা হয়েছিল, কিন্তু দুজনেই হাজিরা এড়িয়ে যান। বারবার সমন এড়ানোর পর এদিন ফের তাঁর বাড়িতে হানা দিয়ে চূড়ান্ত আল্টিমেটাম দিল কেন্দ্রীয় সংস্থা।
উল্লেখ্য, মনোরঞ্জন মণ্ডলের কর্মজীবনও যথেষ্ট বিতর্কিত। ২০২৪ সালে বারাবনি থানার ওসি থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। পরে অন্ডাল থানায় পোস্টিং হলেও বিতর্কের জেরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। অতি সম্প্রতি বুদবুদ থানার দায়িত্ব পেলেও ইডি-র এই তদন্ত শুরু হতেই তাঁকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করে দেওয়া হয়েছে। এখন দেখার, আগামী শুক্রবার ১৩ তারিখ নির্ধারিত সময়ে মনোরঞ্জন মণ্ডল ইডি দপ্তরে হাজিরা দেন কি না।