LPG নিয়ে হাহাকার রুখতে মমতার নতুন ‘SOP’, কালোবাজারি রুখতে পুলিশকে কড়া নির্দেশ

রাজ্যজুড়ে রান্নার গ্যাসের (LPG) তীব্র সঙ্কট এবং সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান আতঙ্ক দূর করতে এবার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে এক জরুরি বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার নিজস্ব ‘এসওপি’ (SOP) বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করছে। করোনার সময়ের মতো এই পরিস্থিতিকেও জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে কাজ করবে প্রশাসন।

মুখ্যমন্ত্রী জানান, এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে একটি বিশেষ ডিজিটাল ড্যাশবোর্ড তৈরি করা হবে। কেন্দ্রের কাছে তাঁর দাবি, রাজ্যে গ্যাসের স্টক ঠিক কতটা আছে, তা স্বচ্ছতার সঙ্গে জানাতে হবে। সরবরাহ চেইন যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে কেন্দ্রকে আর্জি জানিয়েছেন তিনি। বিশেষ করে, সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে ২৫ দিনের যে ব্যবধান বেঁধে দেওয়ার কথা উঠছে, তা যাতে কার্যকর না করা হয়, সেই অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বৃহস্পতিবারের মধ্যে পূর্ণাঙ্গ এসওপি তৈরি হয়ে যাবে। মুখ্যসচিব নিজে গোটা বিষয়টি তদারকি করবেন।” কালোবাজারি রুখতে পুলিশকে চরম সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, কেরোসিনের জোগান যাতে ঠিক থাকে, সেদিকেও নজর দিতে বলা হয়েছে। তবে সিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধি বা অটো ভাড়া বাড়ানো নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জানান। জেলাশাসকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে জেলাভিত্তিক নোডাল অফিসার নিয়োগের পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের। যারা এই সঙ্কটের সুযোগ নিয়ে ব্ল্যাকমেল বা কালোবাজারি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।