স্পিকারের বিরুদ্ধে লড়াইতে হারল ইন্ডিয়া জোট! ধ্বনি ভোটে জয় এনডিএ-র, তুমুল হট্টগোলে উত্তপ্ত সংসদ

বাজেট অধিবেশনের মাঝেই উত্তাল হয়ে উঠল সংসদ। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব শেষ পর্যন্ত ধোপে টিকল না। বুধবার লোকসভায় আয়োজিত ভোটাভুটিতে বড়সড় ধাক্কা খেল ইন্ডিয়া (INDIA) জোট। ধ্বনি ভোটেই অনায়াসে জয় হাসিল করে নিল শাসক এনডিএ (NDA) শিবির। এই ভোটাভুটির ফলাফল স্পষ্ট হতেই সংসদে দু’পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা এবং হট্টগোল শুরু হয়, যার জেরে অধিবেশন কক্ষ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
ঘটনার প্রেক্ষাপট: অধিবেশনের শুরু থেকেই স্পিকার ওম বিড়লার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আসছিল বিরোধী শিবির। খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে, সংসদে বক্তব্য পেশের সময় বিরোধী সাংসদদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে এবং তাঁদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। এই অভিযোগকে হাতিয়ার করেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস দিয়েছিল বিরোধীরা, যেখানে ১২০ জন সাংসদের স্বাক্ষর ছিল।
সংসদে টানটান উত্তেজনা: বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই প্রস্তাব পেশ করার কথা থাকলেও সোমবার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিক্ষোভের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে মঙ্গলবার প্রস্তাবটি পেশ করা হয় এবং বুধবার দিনভর এই নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে চলে তীব্র তর্জা। বিরোধীদের দাবি ছিল, সংসদীয় গণতন্ত্র রক্ষায় স্পিকারকে নিরপেক্ষ হতে হবে। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়, স্পিকারের বিরুদ্ধে এই নোটিস আসলে সংসদকে কালিমালিপ্ত করার একটি অপচেষ্টা মাত্র।
ফলাফল ও পরবর্তী পরিস্থিতি: ভোটাভুটি শুরু হতেই দেখা যায় সংখ্যাগরিষ্ঠতা এনডিএ-র দিকেই। ধ্বনি ভোটের মাধ্যমে স্পিকার ওম বিড়লা নিজের পদ ধরে রাখতে সক্ষম হন। পরাজয় নিশ্চিত হতেই বিরোধী বেঞ্চ থেকে শ্লোগান উঠতে শুরু করে। স্পিকারের জয়ে সরকার পক্ষ আস্বস্ত হলেও, বাজেট অধিবেশনের বাকি দিনগুলিতে শাসক-বিরোধী সংঘাত যে আরও তীব্র হবে, তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে আজকের এই হট্টগোল থেকে।