বিজয়তা পণ্ডিতের হয়েও ডাবিং করেছেন তিনি! প্রসেনজিতের ৪৪ জন নায়িকার রেকর্ডের নেপথ্যে বড় অবদান কার?

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ঝুলিতে এমন এক রেকর্ড রয়েছে, যা টলিপাড়ার আর কোনো অভিনেতা আজ পর্যন্ত ভাঙতে পারেননি। কেরিয়ারে প্রায় ৪০ জনেরও বেশি বলিউড নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। কিন্তু জানলে অবাক হবেন, প্রসেনজিতের সেই হিট ছবিগুলিতে বিজয়তা পণ্ডিত থেকে শুরু করে জুহি চাওলা কিংবা নীলমের গলায় যে বাংলা সংলাপ আমরা শুনেছি, তার নেপথ্যে রয়েছেন টলিউডেরই এক বর্ষীয়ান অভিনেত্রী। তিনি আর কেউ নন, টলিপাড়ার বিখ্যাত ‘খলনায়িকা’ অনামিকা সাহা।
কেমন ছিল সেই নেপথ্য সফর? সম্প্রতি একটি ছবির প্রচারে এসে নিজের এই অজানা অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। তিনি জানান, পর্দায় তিনি কড়া শাশুড়ি বা খলনায়িকার চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে ভয় ধরালেও, বাস্তব জীবনে তাঁর গলার স্বর অত্যন্ত মিষ্টি। দীর্ঘ বছর রেডিওতে শ্রুতি নাটক করার সুবাদে তাঁর বাচনভঙ্গি ছিল অত্যন্ত স্পষ্ট। আর সেই গুণের কারণেই বিজয়তা পণ্ডিত, মধু কাপুর, রামেশ্বরী, অনুরাধা পাটেল, আয়েশা জুলকা, জুহি চাওলা, শান্তিপ্রিয়া এবং নীলমের মতো ১১ জনেরও বেশি বলিউড নায়িকার হয়ে বাংলায় ডাবিং করেছেন অনামিকা দেবী।
কেউ ঘুণাক্ষরেও টের পাননি: অনামিকা সাহার কথায়, “সবথেকে বড় সার্থকতা এটাই যে দর্শক কখনো বুঝতেই পারেননি। ‘অমর সঙ্গী’ ছবির বিজয়তা পণ্ডিত হোক কিংবা পরবর্তীকালে অন্য নায়িকারা, সবার বাংলা সংলাপ আমার গলায় ডাব করা।” মজার বিষয় হলো, এই বলিউড নায়িকাদের ডাবিং করার বহু বছর পর যখন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির পরিকল্পনা হয়, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই তাঁর শাশুড়ির চরিত্রের জন্য অনামিকা সাহার নাম প্রস্তাব করেছিলেন। আর সেই ছবির সেই দাপুটে শাশুড়ি চরিত্রটি আজও টলিউড ইতিহাসের মাইলফলক হয়ে আছে।
বহু বছর পর আবারও নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে পেরে দারুণ খুশি এই বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর এই রাজকীয় প্রত্যাবর্তন এবং পুরনো দিনের স্মৃতিচারণ এখন টলিপাড়ার টক অফ দ্য টাউন।