৭২ কোটি গ্রাহকের জন্য বড় স্বস্তি! ব্যাঙ্কে ব্যালেন্স শূন্য হলেও জরিমানা নয়, জেনে নিন নতুন নিয়ম

মধ্যবিত্তের সঞ্চয় অ্যাকাউন্টে কি নজর পড়েছে ব্যাঙ্কগুলোর? সাম্প্রতিক এক সরকারি পরিসংখ্যান অনুসারে, গত তিন বছরে (২০২২-২৩ থেকে ২০২৪-২৫) দেশের সরকারি ব্যাঙ্কগুলি শুধুমাত্র ‘মিনিমাম ব্যালেন্স’ বা ন্যূনতম জমা বজায় না রাখার জন্য গ্রাহকদের কাছ থেকে ৮,০৯২.৮৩ কোটি টাকা জরিমানা আদায় করেছে। লোকসভায় এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই তথ্য জানিয়েছেন। যদিও এই বিশাল অংকের জরিমানা ব্যাঙ্কের মোট আয়ের মাত্র ০.২৩ শতাংশ, তবুও সাধারণ মানুষের পকেটে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কাদের টাকা কাটবে না? দেশের একটি বিশাল অংশের মানুষকে এই জরিমানার হাত থেকে রেহাই দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী:

  • ৭২ কোটি অ্যাকাউন্ট (যার মধ্যে প্রধানমন্ত্রী জন ধন যোজনার অ্যাকাউন্ট এবং বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট বা BSBD অন্তর্ভুক্ত) এই জরিমানার আওতায় পড়ে না। এই অ্যাকাউন্টগুলি সম্পূর্ণ জিরো-ব্যালেন্স, অর্থাৎ টাকা না থাকলেও ১ পয়সাও জরিমানা দিতে হবে না।

বড় ব্যাঙ্কগুলির সিদ্ধান্ত: গ্রাহকদের স্বস্তি দিতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২০২০ সাল থেকেই এই জরিমানা মওকুফ করেছে। ২০২৫ সালে আরও ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এই জরিমানা পুরোপুরি তুলে নিয়েছে। বাকি দু’টি সরকারি ব্যাঙ্কও তাদের চার্জের পরিমাণ অনেকটাই কমিয়ে ফেলেছে। ফলে বর্তমানে সরকারি ব্যাঙ্কের গ্রাহকদের একটি বড় অংশ এই চার্জ থেকে মুক্ত।

টাকা কাটার আগে সতর্কতা বাধ্যতামূলক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)-এর কড়া নির্দেশ রয়েছে যে, অ্যাকাউন্টে টাকা ন্যূনতম সীমার নিচে নেমে গেলে তড়িঘড়ি জরিমানা নেওয়া যাবে না। ব্যাঙ্ককে অবশ্যই গ্রাহককে এসএমএস, ইমেল বা চিঠির মাধ্যমে আগেভাগে সতর্ক করতে হবে। ব্যালেন্স পুনরায় ঠিক করার জন্য একটি নির্দিষ্ট সময় দিতে হবে। সেই সময়সীমা পেরিয়ে গেলেই কেবলমাত্র যুক্তিসঙ্গত হারে জরিমানা আরোপ করা যাবে।