“দরকার হলে ভিক্ষা করব, তবু মানুষের জন্য লড়ব!” রান্নার গ্যাসের আকালে কেন্দ্রের বিরুদ্ধে বিষ্ফোরক মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে বাংলার ঘরে ঘরে যখন রান্নার গ্যাসের হাহাকার, তখন রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এবিপি আনন্দ-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, রাজ্যের কাছে এই মুহূর্তে ভর্তুকি (Subsidy) বড় কথা নয়, সবচেয়ে বড় অগ্রাধিকার হলো গ্যাসের সরবরাহ বা ‘সাপ্লাই চেন’ সচল রাখা।
সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, মানুষের ভোগান্তি কমাতে রাজ্য কি ভর্তুকি দেওয়ার কথা ভাবছে? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা চার বছর ধরে কেন্দ্রের থেকে টাকা পাই না, তা সত্ত্বেও মানুষের প্রয়োজনে সাবসিডি দিতে আমাদের সমস্যা নেই। কিন্তু জোগানই যদি না থাকে, তবে সাবসিডি দেব কাকে?” তিনি আরও যোগ করেন, “ফান্ডের জন্য সমস্যা হবে না। আমি দরকার হলে ভিক্ষা করে ফান্ড জোগাড় করব, কিন্তু কেন্দ্রকে সাপ্লাই চেন দিতে হবে।”
মুখ্যমন্ত্রীর প্রধান উদ্বেগ এখন হাসপাতালের রান্না, আইসিডিএস এবং স্কুলের মিড-ডে মিল নিয়ে। তিনি জানান, স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বাধীন বৈঠকে তেল সংস্থাগুলি পর্যাপ্ত জোগানের নিশ্চয়তা দিতে পারেনি। এই পরিস্থিতিতে মানুষের হাতে সিলিন্ডার পৌঁছে দেওয়াই এখন তাঁর সরকারের প্রথম লক্ষ্য। টাকা নয়, কেন্দ্রের অব্যবস্থাপনা এবং জোগান বন্ধ হওয়াই এই সংকটের মূল কারণ বলে তোপ দেগেছেন তৃণমূল নেত্রী।