বউকে কাঁধে নিয়ে দৌড়! ফিনিশিং লাইনে পৌঁছাতেই যুবকের হাতে উঠল মস্ত পুরস্কার, কী জানেন?

ভালোবাসার পরীক্ষা নাকি গায়ের জোর? ইংল্যান্ডের সারে কাউন্টির ডরকিংয়ে আয়োজিত এক অদ্ভুত প্রতিযোগিতায় বিশ্ববাসীর চোখ কপালে উঠল। ২০০৮ সাল থেকে চলে আসা এই ‘ওয়াইফ ক্যারিং রেস’ বা ‘স্ত্রী বহণ দৌড়’-এ এবার চ্যাম্পিয়ন হলেন ফিনল্যান্ড থেকে আসা এক দম্পতি। নিয়ম অনুযায়ী, স্ত্রীকে কাঁধে তুলে দৌড়াতে হবে স্বামীকে, কিন্তু শর্ত একটাই—মহিলার পা কোনোভাবেই মাটিতে ছোঁয়া চলবে না।

এই দৌড় মোটেই সহজ ছিল না। পথের মাঝে ছিল খড়ের গাদা থেকে শুরু করে একাধিক কঠিন বাধা। শুধু তাই নয়, দৌড়ানোর সময় দর্শকদের বালতি ভর্তি ঠান্ডা জলের ঝাপটাও সামলাতে হয়েছে প্রতিযোগীদের। সব বাধা পেরিয়ে যিনি সবার আগে ফিনিশিং লাইন ছুঁতে পারবেন, তিনিই বিজয়ী। ফিনল্যান্ডের এই যুবক তাঁর স্ত্রীকে পিঠে নিয়ে অদম্য গতিতে ছুটে সবার আগে লক্ষ্যে পৌঁছান।

বিজয়ী হওয়ার পর প্রথাগত কোনো ট্রফি বা মেডেল নয়, বরং এই প্রতিযোগিতার নিয়ম মেনে দম্পতিকে দেওয়া হলো এক ব্যারেল ভর্তি বিয়ার! প্রতি বছর এই বিশেষ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দম্পতিরা ইংল্যান্ডে ছুটে আসেন নিজেদের ভাগ্য ও শক্তি পরীক্ষা করতে। এবারের প্রতিযোগিতায় ফিনল্যান্ডের দম্পতির এই হার না মানা লড়াই নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে।