রান্নাঘরে হাহাকার! গ্যাসের আকাল মেটাতে এবার ময়দানে মমতা, কালই ডাকলেন জরুরি বৈঠক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কালো মেঘ এবার সরাসরি আছড়ে পড়ল বাংলার রান্নাঘরে। দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকটের জেরে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের ‘ভুল সিদ্ধান্ত’কে দায়ী করে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনা করতে আগামীকাল, বৃহস্পতিবার নবান্নে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, গ্যাসের বুকিংয়ের ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করার কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্তই এই চরম বিপর্যয় ডেকে এনেছে। তাঁর দাবি, কেন্দ্রকে অবিলম্বে সংসদ অধিবেশনে জানাতে হবে দেশে ঠিক কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে। একইসঙ্গে রাজ্যের ভাণ্ডারে সমবণ্টনের দাবি তুলে তিনি বলেন, “কেন্দ্র শুধু জোগান ঠিক রাখুক, প্রয়োজনে রাজ্য সরকার অর্থের ব্যবস্থা করবে।”
আগামীকালের বৈঠকে মূলত নজর দেওয়া হবে স্কুলের মিড-ডে মিল এবং হাসপাতালের রান্নার ওপর, যাতে গ্যাসের অভাবে পরিষেবা থমকে না যায়। এছাড়া, গ্যাসের আকালের দোহাই দিয়ে অটো বা পরিবহণ ভাড়া বৃদ্ধি রুখতেও কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। অসাধু ব্যবসায়ীরা যাতে এই সুযোগে কালোবাজারি করতে না পারে, তার জন্য পুলিশ ও প্রশাসনকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হতে পারে এই বৈঠক থেকে।