শত্রুর যম ‘প্রজেক্ট রঞ্জিত’! ভারতীয় সেনার হাতে আসছে নতুন প্রজন্মের ঘাতক ট্যাঙ্ক

ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্ক বহরের আধুনিকীকরণে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক। সেনার পুরোনো ‘T-72 আজেয়া’ ট্যাঙ্কগুলিকে প্রতিস্থাপন করতে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ‘ফিউচার রেডি কমব্যাট ভেহিকেল’ (FRCV) প্রকল্প, যার পোশাকি নাম ‘প্রজেক্ট রঞ্জিত’। এই প্রকল্পের অধীনে তৈরি হওয়া নতুন প্রজন্মের ট্যাঙ্কগুলি ভারতীয় সেনার আক্রমণাত্মক ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।
২০২৪ সালের সেপ্টেম্বরে অনুমোদিত এই প্রকল্পটি ‘মেক-আই’ ক্যাটাগরিতে তৈরি করা হচ্ছে। এর বিশেষত্ব হলো, প্রোটোটাইপ বা প্রাথমিক মডেল তৈরির ৭০ শতাংশ খরচ বহন করবে খোদ ভারত সরকার। বর্তমানে লারসেন অ্যান্ড টুব্রো (L&T), টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং মাহিন্দ্রা ডিফেন্সের মতো প্রথম সারির দেশীয় সংস্থাগুলি এই ঘাতক ট্যাঙ্ক তৈরির দৌড়ে সামিল হয়েছে। ডিআরডিও (DRDO)-র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কোম্পানিগুলি ট্যাঙ্কের নকশা ও প্রযুক্তির উন্নয়নে কাজ করবে।
সেনাবাহিনীর চাহিদা অনুযায়ী, এই নতুন ট্যাঙ্কটি হবে মাঝারি ওজনের (প্রায় ৫৫ টন)। ফলে লাদাখের দুর্গম পাহাড় হোক বা রাজস্থানের মরুভূমি—সব জায়গাতেই এটি সাবলীলভাবে যুদ্ধ করতে পারবে। এতে চারজন ক্রু সদস্যের জায়গা থাকবে এবং এটি অত্যাধুনিক অটোলোডার সিস্টেম ও ডিজিটাল ফায়ার কন্ট্রোল ব্যবস্থায় সজ্জিত হবে। সক্রিয় সুরক্ষা ব্যবস্থা (Active Protection System) তৈরির জন্য বিইএমএল (BEML) ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রযুক্তি অংশীদারদের সঙ্গে কথা বলা শুরু করেছে। ‘মেক ইন ইন্ডিয়া’র এই উদ্যোগ ভবিষ্যতে ভারতকে ট্যাঙ্ক রফতানিকারক দেশ হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারে।