নম্বর ছাড়াই হবে রিচার্জ! মহিলাদের সুরক্ষায় BSNL-এর ধামাকা ফিচার ‘কবচ’, এবার উধাও হবে উটকো ফোন

অফলাইন রিচার্জের দোকানে গিয়ে মোবাইল নম্বর দেওয়ার পর অচেনা নম্বর থেকে উটকো ফোন বা মেসেজ আসার সমস্যায় ভোগেন বহু মহিলা। নারী নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে এবার সেই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা লঞ্চ করেছে বিশেষ ‘কবচ’ (Kavach) ফিচার। এর মাধ্যমে মহিলারা তাঁদের আসল মোবাইল নম্বর গোপন রেখেই যেকোনো দোকান থেকে রিচার্জ করতে পারবেন।

কীভাবে কাজ করবে এই ‘কবচ’? এই ফিচারের বিশেষত্ব হলো এটি ব্যবহারকারীকে একটি ১০-ডিজিটের অস্থায়ী নম্বর প্রদান করে। এই নম্বরটি ওটিপি (OTP)-র মতো নির্দিষ্ট সময়ের জন্য বৈধ থাকে এবং ব্যবহারকারীর আসল নম্বরের সঙ্গে লিঙ্ক করা থাকে। রিচার্জের দোকানে গিয়ে মহিলারা তাঁদের আসল নম্বরের পরিবর্তে এই ‘অস্থায়ী কবচ নম্বর’টি বললেই রিচার্জ হয়ে যাবে। ফলে দোকানদার বা অন্য কেউ গ্রাহকের আসল নম্বরটি জানতে পারবেন না, যা ডেটা অপব্যবহারের ঝুঁকি কমিয়ে দেবে।

অ্যাকটিভেট করার সহজ উপায়: BSNL গ্রাহকরা খুব সহজেই এই পরিষেবা চালু করতে পারেন। ফোনের ডায়ালার থেকে ১৮০০ ১৮০ ১৫০৩ অথবা ১৫০০ নম্বরে কল করে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের সাহায্য নেওয়া যাবে। এছাড়া BSNL Self Care অ্যাপের মাধ্যমেও এই ফিচারটি সক্রিয় করা সম্ভব। বিশেষ করে টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরের মানুষ, যারা এখনও অফলাইন রিচার্জের ওপর নির্ভরশীল, তাঁদের জন্য BSNL-এর এই উদ্যোগ গেম-চেঞ্জার হতে চলেছে।