১০ এপ্রিল বড় ধামাকা! অর্জুন দত্তর হাত ধরে দুই নায়িকার ‘পাগলামি’ এবার বড় পর্দায়

টলিউডের দুই পাওয়ারহাউস অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পাওলি দাম এবার একফ্রেমে। মুক্তি পেল জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অর্জুন দত্তর নতুন ছবি ‘বিবি পায়রা’-র টিজার। হাসি, মজা আর হট্টগোলে ভরপুর এই টিজার ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। প্রথাগত নায়ক-নায়িকা নির্ভর গল্পের বাইরে বেরিয়ে এই ছবিতে দর্শক পাবেন দুই দুর্ধর্ষ নায়িকার রসায়ন।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই পরনির্ভরশীল মহিলার জীবন। যারা জীবনযুদ্ধ লড়তে লড়তে ক্লান্ত হয়ে অবশেষে নিজেদের খুশির রসদ নিজেরাই খুঁজে নেওয়ার শপথ নেয়। কিন্তু ভালো থাকার এই প্রচেষ্টায় তারা বারবার অদ্ভুত সব সমস্যার সম্মুখীন হয়। কখনও নিজেরা বিপদে পড়ে, আবার কখনও অন্যদেরও বিপাকে ফেলে দেয়। এই গোলমেলে পরিস্থিতির মধ্য দিয়ে তারা শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত শান্তি খুঁজে পাবে কি না, তা নিয়েই দানা বেঁধেছে ছবির কাহিনী।
স্বস্তিকা ও পাওলি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্ত ও লোকনাথ দে-র মতো একঝাঁক প্রতিভাবান শিল্পী। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সুপ্রতীম ভোল। এর আগে ‘গুলদাস্তা’ ও ‘শ্রীমতী’-তে অর্জুনের সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা, এটি তাঁদের তৃতীয় কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে ডানা মেলবে ‘বিবি পায়রা’।