“১০০ কোটি তুলেছে ওঁর বসেরা!” সাগরদ্বীপে নেতাকে ‘গুলি’র ঘটনায় মমতাকে সরাসরি তোপ শুভেন্দুর

ভোটের মুখে ফের উত্তপ্ত সুন্দরবন। সাগরদ্বীপে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে সুন্দরবনের একাধিক আসনে হারবে শাসকদল। তাঁর মতে, কুলপি, পাথরপ্রতিমা ও সাগরের মতো এলাকায় বিজেপির ক্রমবর্ধমান জনসমর্থন দেখেই ভয় পেয়েছে তৃণমূল, আর সেই কারণেই শুরু হয়েছে গুলি-বোমার রাজনীতি।

শুভেন্দু বলেন, “সুন্দরবনে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। মানুষ এবার ভোট দিতে মুখিয়ে আছে। তাই বিরোধীদের ভয় দেখাতে ওরা পুরনো কায়দায় সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে।” অন্যদিকে, কয়লা পাচার কাণ্ডে ইডির তল্লাশিতে থাকা পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা নিয়েও মুখ খোলেন তিনি। শুভেন্দুর সরাসরি অভিযোগ, স্পেশাল ব্রাঞ্চের এই আধিকারিককে দিয়ে তাঁর বসেরা কমপক্ষে ১০০ কোটি টাকা তুলিয়েছেন। সেই টাকার সিংহভাগ বা ‘৭৫ শতাংশ’ কালীঘাটের কোন ঠিকানায় পৌঁছেছে, তা মনোরঞ্জনকে হেফাজতে নিলেই স্পষ্ট হবে বলে দাবি করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক কেনাবেচার আশঙ্কাকেও এদিন উড়িয়ে দেন শুভেন্দু। তিনি পালটা কটাক্ষ করে বলেন, “উনি ১৫ বছর যুবকদের চাকরি না দিয়ে এখন ভোটের আগে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে আরজি কর বা বগটুইয়ের মতো ঘটনা ভুলিয়ে দিতে চাইছেন। কিন্তু মানুষ এবার রাষ্ট্রবাদ ও পরিবর্তনের পক্ষে রায় দেবে।” শুভেন্দুর এই আক্রমণাত্মক মেজাজ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির পারদকে আরও বাড়িয়ে দিয়েছে।