বাবার বিরুদ্ধে ‘বিরাট’ অভিযোগ! প্রেমিকের হাত ধরে থানায় মহাকুম্ভের সেই ভাইরাল মোনালিসা

২০২৫ সালের মহাকুম্ভের সেই পরিচিত মুখ, যার নীল-বাদামী চোখের মায়ায় বুঁদ হয়েছিল নেটপাড়া, সেই ‘ভাইরাল মোনালিসা’ এখন ঘরছাড়া। তবে কোনো শুটিং বা মডেলিংয়ের কাজে নয়, বরং প্রাণ বাঁচাতে এবং ভালোবাসার টানে সুদূর কেরালায় পুলিশের দ্বারস্থ হলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক ফরমান। নিজের বাবার বিরুদ্ধেই গুরুতর হেনস্থা ও হুমকির অভিযোগ তুলেছেন এই তরুণী।

থাম্পানুর থানায় পৌঁছে মোনালিসা জানান, গত দেড় বছর ধরে ফরমানের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। ফেসবুকে পরিচয়ের পর সেই সম্পর্ক গভীর হয়। কিন্তু বাদ সেধেছে ধর্ম। মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে এই আন্তঃধর্মীয় সম্পর্কের ঘোর বিরোধী। অভিযোগ, বাড়িতে তাঁকে বন্দি করে রাখা এবং শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। নিরুপায় হয়েই কেরালাকে ‘নিরাপদ স্বর্গ’ মনে করে সেখানে পালিয়ে এসেছেন এই যুগল। মোনালিসার দাবি, কেরালা এমন এক জায়গা যেখানে সামাজিক বা ধর্মীয় চাপ ছাড়াই তাঁরা শান্তিতে থাকতে পারবেন।

পুলিশ মোনালিসার সমস্ত পরিচয়পত্র ও নথি পরীক্ষা করে দেখেছে। প্রাপ্তবয়স্ক হওয়ায় নিজের পছন্দমতো জীবনসঙ্গী বেছে নেওয়ার আইনি অধিকার তাঁর রয়েছে। এরপরই পুলিশ মোনালিসার বাবাকে থানায় তলব করে এবং এই যুগলের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেয়। উল্লেখ্য, গত বছর মহাকুম্ভে মালা বিক্রি করার সময় এক কন্টেন্ট ক্রিয়েটরের ক্যামেরায় ধরা পড়েছিলেন এই শ্যামবর্ণা তরুণী। তাঁর অদ্ভুত সুন্দর চোখের মণির রঙ এবং কথা বলার স্টাইল তাঁকে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন করে তুলেছিল। বর্তমানে তাঁর অভিনীত ছবি মুক্তির অপেক্ষায় থাকলেও, ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন এখন শিরোনামে।