SIR-এর জেরে বিপাকে পাহাড়বাসী, আন্দোলনের হুঁশিয়াকিউটিভরি অনীত থাপার বুধবার কালিম্পংয়ে সভা করেন

বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তপ্ত হয়ে উঠল পাহাড়ের রাজনীতি। সৌজন্যে— স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ার জেরে পাহাড়ের হাজার হাজার ভূমিপুত্র গোর্খাদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। এই ইস্যুতেই এবার রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন জিটিএ-র চিফ এগজিকিউটিভ তথা বিজিপিএম (BGPM) সভাপতি অনীত থাপা।
বুধবার কালিম্পংয়ে আয়োজিত এক সভায় অনীত থাপা সরাসরি তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, “বিজেপি নেতারা বলেছিলেন SIR-এর মাধ্যমে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের নাম কাটা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, পাহাড়ের প্রকৃত গোর্খাদের নামই তালিকা থেকে গায়েব হয়ে গিয়েছে।” অনীতের দাবি, প্রশাসনের গাফিলতি এবং পাহাড়ের সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতাই এর প্রধান কারণ। তিনি উদাহরণ দিয়ে বলেন, পাহাড়ে অনেক সময় বাবা ও ছেলের পদবি আলাদা হয়, যা না বুঝে অনেকের নাম কেটে দেওয়া হয়েছে। এমনকি এআই (AI)-এর ব্যবহারের ফলেও বহু নাম বাদ পড়েছে বলে তাঁর অভিযোগ।
পরিসংখ্যান অনুযায়ী, দার্জিলিং ও কার্শিয়াং মিলিয়ে প্রায় ৪৮ হাজার এবং কালিম্পং জেলায় প্রায় ১৯ হাজার ভোটারের নাম ঝুলে রয়েছে। অনীত থাপার দাবি, অনেক পেনশনভোগী প্রবীণ মানুষের নামও তালিকা থেকে বাদ যাওয়ায় তাঁদের রুটি-রুজিতে টান পড়বে। এর দায় সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের ওপর চাপিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশন কেন্দ্রের কথাতেই চলে। তাই এর মোকাবিলায় আমরা রাস্তায় নামব।” অন্যদিকে, বিজেপি সাংসদ রাজু বিস্তা পাল্টা দাবি করেছেন যে, প্রকৃত ভোটারদের নাম ফেরাতে বিশেষ ব্লক স্তরের কমিটি গঠন করতে হবে। সব মিলিয়ে, ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে পাহাড়ের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।