রাজ্যে তীব্র গ্যাস সংকট! নবান্নে জরুরি তলব তেল সংস্থাগুলিকে, কালোবাজারি রুখতে চরম হুঁশিয়ারি মুখ্য সচিবের

রাজ্যজুড়ে ঘনীভূত হচ্ছে জ্বালানি সংকট। রান্নার গ্যাস (LPG) থেকে শুরু করে অটো এলপিজি—সবক্ষেত্রেই জোগানের ঘাটতি সাধারণ মানুষকে নাজেহাল করে তুলেছে। এই পরিস্থিতিতে পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভাব্য কালোবাজারি রুখতে তড়িঘড়ি রাজ্যের সব তেল কোম্পানিগুলিকে নবান্নে তলব করলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। বুধবার বিকেল চারটে থেকে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, বর্তমানে রাজ্যের ভাণ্ডারে ঠিক কত পরিমাণ তেল ও এলপিজি মজুত রয়েছে, তা খতিয়ে দেখতেই এই বৈঠক। বিশেষ করে উত্তরবঙ্গে রান্নার গ্যাসের সংকট ইতিমধ্যেই ভয়াবহ আকার ধারণ করেছে, যার আঁচ এসে পড়ছে দক্ষিণবঙ্গতেও। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও সক্রিয় হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন বিকেল ৩টে থেকে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিব ও ডিজি-দের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কেউ যেন কালোবাজারি করতে না পারে এবং এর জেরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়।
বর্তমানে কলকাতা, দুর্গাপুর, মালদহ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রেস্তোরাঁ ও হোটেল মালিকরা গ্যাসের অভাবে দিশেহারা। এর মধ্যেই ধাক্কা খেয়েছে পরিবহন ক্ষেত্রও। অটো এলপিজির দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ৬২.৬৮ টাকায়। বাড়তি দাম দিয়েও পাম্পে গ্যাস মিলছে না বলে অভিযোগ অটোচালকদের। কেন্দ্রীয় সূত্রের খবর, অধিকাংশ রাজ্যে বর্তমানে মাত্র ১০ থেকে ১২ দিনের এলপিজি মজুত রয়েছে। এই সংকট মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিশেষ কোনো পরিকল্পনা নিচ্ছে কি না, তা নিয়ে নবান্নের বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষের হেঁশেলে যাতে এর প্রভাব না পড়ে, সেটাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।