“বাথরুমে যেতেও বাউন্সার!”-জলটুকুও মেলেনি? ছোটপর্দার অনন্যার বিয়েতে সাংবাদিকদের সঙ্গে ‘দুর্ব্যবহারের’ অভিযোগ

কয়েক মাস আগে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের রিসেপশনে ‘ড্রাইভার ও সিকিউরিটি’ ব্রাত্য থাকার বোর্ড নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। এবার প্রায় একই ধরণের বিতর্কে জড়ালেন ছোটপর্দার পরিচিত মুখ অনন্যা গুহ এবং তাঁর জীবনসঙ্গী সুকান্ত কুণ্ডু। কল্যানীতে আয়োজিত তাঁদের বিয়ের আসর ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় অভিযোগের পাহাড়।

কী ঘটেছিল অনন্যা-সুকান্তর বিয়েতে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক পোস্ট এবং সেখানে উপস্থিত থাকা পাপারাৎজিদের দাবি অনুযায়ী, বিয়ের রাতে তাঁদের সঙ্গে অত্যন্ত ‘অমানবিক’ আচরণ করা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে একাধিক চাঞ্চল্যকর পয়েন্ট:

  • শৌচাগারে যেতেও পাহারা: অভিযোগ উঠেছে, মহিলা সাংবাদিকদের শৌচাগারে যাওয়ার সময়ও সঙ্গে একজন করে পুরুষ বাউন্সার পাঠানো হচ্ছিল। কারণ হিসেবে জানানো হয়, শৌচাগার থেকেও যেন কোনো ‘ফুটেজ’ না নেওয়া হয়!

  • পানির অভাব: দীর্ঘক্ষণ কাজ করার পর এক গ্লাস খাবার জল চেয়েও মেলেনি বলে দাবি করেছেন উপস্থিত সংবাদকর্মীদের একাংশ।

  • আতিথেয়তায় বৈষম্য: ভ্লগার বা ‘স্পেশাল গেস্ট’-দের জন্য রাজকীয় আপ্যায়ন থাকলেও, সাধারণ সংবাদকর্মী ও পাপারাৎজিদের অনুষ্ঠান বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। মাঝরাস্তায় দাঁড়িয়েই তাঁদের কাজ করতে হয়েছে।

বলিউডি কায়দায় কড়া নিরাপত্তা

বিগ ফ্যাট বলিউড ওয়েডিং-এর মতো অনন্যা-সুকান্তর বিয়েতেও ছবি তোলার ওপর ছিল কড়া বিধিনিষেধ। শুরুর দিকে পরিবেশ স্বাভাবিক থাকলেও, দুই পরিবারের আত্মীয়রা আসার পরই পরিস্থিতি বদলে যায়। নিরাপত্তারক্ষীদের কড়াকড়িতে আমন্ত্রিত সংবাদকর্মীরা চরম হেনস্থার শিকার হন বলে দাবি করা হয়েছে ভাইরাল পোস্টগুলোতে।

নেটপাড়ায় সমালোচনার ঝড়

অনন্যা ছোটপর্দায় বেশ জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় সুকান্ত-অনন্যা জুটির ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু বিয়ের আনন্দ ছাপিয়ে এখন তাঁদের ‘আতিথেয়তা’ নিয়ে কাঁটাছেঁড়া চলছে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, “ভিডিও ভাইরাল করে জনপ্রিয়তা পাওয়ার পর এখন কেন গোপনীয়তার নামে এই হেনস্থা?”

কাঞ্চন-শ্রীময়ীর ঘটনার পর টলিপাড়ার এই নয়া বিতর্ক বিনোদন জগতের অন্দরের সমীকরণ নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল। অনন্যা বা সুকান্তর পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।