আমেরিকার মাটিতে আম্বানির হুঙ্কার! ৩০০ বিলিয়ন ডলারের চুক্তিতে ইতিহাস গড়লেন মুকেশ আম্বানি

বিশ্বের জ্বালানি বাজারে এক ঐতিহাসিক পটপরিবর্তন ঘটতে চলেছে। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবার মার্কিন মুলুকে পা রাখতে চলেছে এক বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, টেক্সাসের ব্রাউনসভিলে গত ৫০ বছরের মধ্যে প্রথম নতুন তেল শোধনাগার গড়তে চলেছে রিলায়েন্স। এই চুক্তিটিকে মার্কিন ইতিহাসের বৃহত্তম চুক্তি হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
৩০০ বিলিয়ন ডলারের মেগা ডিল:
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশাল’ হ্যান্ডেলে এই ঐতিহাসিক ঘোষণা করে জানিয়েছেন, এটি একটি ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি, যা আমেরিকার শক্তি উৎপাদনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বুধবার ট্রাম্প বলেন, “আমেরিকা আবারও বাস্তব শক্তির আধিপত্যে ফিরে আসছে। ব্রাউনসভিলের এই শোধনাগার কেবল জ্বালানি সরবরাহ মসৃণ করবে না, বরং আমেরিকার জাতীয় নিরাপত্তাকে কয়েক গুণ শক্তিশালী করবে।” এই বিশাল বিনিয়োগের জন্য তিনি সরাসরি মুকেশ আম্বানি ও রিলায়েন্সকে ধন্যবাদ জানিয়েছেন।
যুদ্ধকালীন পরিস্থিতিতে আম্বানির ভূমিকা:
পশ্চিম এশিয়ায় বিশেষ করে ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্বব্যাপী তেলের জোগানে টান পড়েছে। হরমুজ প্রণালীর অস্থিরতায় যখন জ্বালানি সংকট চরমে, ঠিক তখনই আমেরিকার বাজারে আধিপত্য বিস্তারে আম্বানির সাহায্য নিলেন ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রিলায়েন্সের জামনগর শোধনাগারের বিশ্বখ্যাত দক্ষতাকে এবার আমেরিকার মাটিতে কাজে লাগাতে চাইছেন ট্রাম্প প্রশাসন।
হাজার হাজার কর্মসংস্থান:
এই প্রকল্পের ফলে ব্রাউনসভিলের বন্দরে কয়েক হাজার দীর্ঘমেয়াদী চাকরির সুযোগ তৈরি হবে। ট্রাম্পের দাবি, এই বিনিয়োগের ফলে মার্কিন অর্থনীতিতে বিলিয়ন ডলারের জোয়ার আসবে। গত ৭ ফেব্রুয়ারি ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির যে রূপরেখা চূড়ান্ত হয়েছিল, এটি তারই এক বড় প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ভারতের কোনো বেসরকারি সংস্থার পক্ষ থেকে বিদেশের মাটিতে এটিই সম্ভবত সর্বকালের বৃহত্তম বিনিয়োগ।