বাংলার ৬টি কেন্দ্রে একজনও নতুন ভোটার নেই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলার পরিসংখ্যান দেখে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় খোদ আধিকারিকদেরই। কোথাও হাজার হাজার নতুন নাম যুক্ত হয়েছে, আবার কোথাও নতুন ভোটারের সংখ্যা একেবারে ‘শুন্য’। একই জেলার মধ্যে এই চরম বৈপরীত্য নিয়ে ইতিমধ্যেই দানা বাঁধছে নানা প্রশ্ন।
যে ৬ কেন্দ্রে ‘বিগ জিরো’
গত ১৬ ডিসেম্বর ২০২৫ খসড়া তালিকা প্রকাশের পর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলে নাম নথিভুক্তকরণের (ফর্ম-৬) কাজ। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, জেলার এই ৬টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজনও নতুন আবেদনকারী নেই:
-
বাদুরিয়া
-
হাবড়া
-
নৈহাটি
-
নোয়াপাড়া
-
দমদম
-
বসিরহাট উত্তর
গাইঘাটায় নামমাত্র ১!
পরিসংখ্যান বলছে, গাইঘাটা বিধানসভা কেন্দ্রেও ছবিটা তথৈবচ। সেখানে দীর্ঘ দুই মাসে মাত্র একজন নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেছেন। তরুণ প্রজন্মের এই অনীহা কি সচেতনতার অভাব, নাকি এর পেছনে লুকিয়ে অন্য কোনও কারণ—তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
উল্টো ছবি বিধাননগর-রাজারহাটে
জেলার একাংশে যখন খরা, তখন অন্য প্রান্তে চিত্রটা একেবারে উল্টো। শহরাঞ্চল সংলগ্ন এলাকাগুলোতে নতুন প্রজন্মের উৎসাহ চোখে পড়ার মতো।
-
বিধাননগর: ৩,৩৯৮ জন নতুন ভোটার।
-
রাজারহাট-নিউটাউন: ২,৫৪৩ জন নতুন ভোটার।
কেন এই বৈপরীত্য? কী বলছে প্রশাসন?
গণতান্ত্রিক ব্যবস্থায় ১৮ বছর বয়সীদের অংশগ্রহণ সবথেকে বড় ভিত্তি। সেখানে কেন একাধিক কেন্দ্রে একজনও নতুন ভোটার আবেদন করলেন না, তা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। এক আধিকারিকের কথায়, “প্রয়োজনীয় প্রচার চালানো সত্ত্বেও কেন এই পরিস্থিতি তৈরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।” যদিও কমিশন সূত্রে খবর, ফর্ম-৬ জমা নেওয়ার প্রক্রিয়া এখনও সচল রয়েছে।