বিশ্বজয়ের রহস্য ফাঁস! সুপার এইটে ধাক্কা খেয়েও ভারত কীভাবে চ্যাম্পিয়ন? গম্ভীরের মুখে ‘টার্নিং পয়েন্ট’-এর গল্প

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জিতে ইতিহাস গড়েছে ভারত। প্রথম দল হিসেবে খেতাব ধরে রাখার নজির গড়েছে মেন ইন ব্লু। তবে এই জয়ের পথটা গতবারের মতো মসৃণ ছিল না। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল ভারত। সেমিফাইনালের টিকিট পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া— এই অভাবনীয় সাফল্যের পিছনে আসল ‘টার্নিং পয়েন্ট’ কোনটি? এবার তা খোলসা করলেন প্রধান কোচ গৌতম গম্ভীর।

সঞ্জু স্যামসনের সেই বিধ্বংসী ইনিংস: গম্ভীরের মতে, ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কার্যত নক-আউট ম্যাচে সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ইনিংসটিই ছিল ভারতের বিশ্বকাপ অভিযানের মোড় ঘোরানো মুহূর্ত। কোচ বলেন, “সঞ্জু কয়েকটা ম্যাচ বাইরে থাকার পর জিম্বাবোয়ে ম্যাচে কামব্যাক করেছিল। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৫ রান তাড়া করতে নেমে ও যেভাবে ঠান্ডা মাথায় ব্যাটিং করল, সেটাই দলকে আত্মবিশ্বাস জুগিয়েছিল।”

কৌশলী বদল ও আগ্রাসন: গম্ভীর আরও জানান যে, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সঞ্জুর ওই ইনিংসের পর ঈশান কিষানকে তিন নম্বরে নামানোর সিদ্ধান্তটি মাস্টারস্ট্রোক ছিল। তিনি বলেন, “অনেকে সমালোচনা করছিলেন যে আমরা আইসিসি টুর্নামেন্টে আগ্রাসী খেলছি না। কিন্তু সঞ্জুর ব্যাট জ্বলে ওঠার পর থেকে পুরো চিত্রটা বদলে যায়। ওই ম্যাচটাই আমাদের বুঝিয়ে দিয়েছিল যে আমরা সঠিক পথেই এগোচ্ছি।” এই আত্মবিশ্বাসই ভারতকে টানা চার ম্যাচ জিতিয়ে বিশ্বসেরার মুকুট এনে দিয়েছে।