বিজেপি-কে সন্তুষ্ট করতে ৬০ লক্ষ নাম বাদ’, ধর্ণা তুলে লড়াইয়ের নতুন পথ দেখালেন তৃণমূল নেত্রী

আগামী ১৫-১৬ তারিখ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। কিন্তু তার আগেই ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ (SIR) নামের জালিয়াতি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে বড়সড় জয়ের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেন, “নির্বাচন ঘোষণা হয়ে গেলেও ভাববেন না সুযোগ নেই। খেলা এখন সুপ্রিম কোর্টের হাতে।”

বিজেপি ও কমিশনকে আক্রমণ: মমতার অভিযোগ, বিজেপি-কে সন্তুষ্ট করতে এবং তাদের দেওয়া দেড় কোটির লক্ষ্য পূরণ করতেই নির্বাচন কমিশন ৬০ লক্ষ মানুষের নাম ‘বিবেচনাধীন’ তালিকায় ফেলে দিয়েছে। তিনি বলেন, “বিজেপি-র কথায় রোজ অ্যাপ বদলানো হচ্ছে, হোয়াটসঅ্যাপের অপব্যবহার করে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি করা হয়েছে। আদালত আজ কমিশনকে ভর্ৎসনা করেছে।” এমনকি বিজেপি নেতাদের হোটেল ভাড়া করে টাকা ছড়ানোর অভিযোগও তোলেন তিনি।

আদালতের নির্দেশে স্বস্তি: সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনের আগের দিন পর্যন্ত যদি কোনো ভোটারের নাম চূড়ান্ত তালিকায় ওঠে, তবে তিনি পরের দিনই ভোট দিতে পারবেন। এছাড়াও, হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বলেন, “যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, আজ সুপ্রিম কোর্ট তা খুলে দিয়েছে। এটা মানুষের জয়।”

আগামী পদক্ষেপ: ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তৃণমূলের পক্ষ থেকে ভোটারদের ট্রাইব্যুনালে যাওয়ার ক্ষেত্রে সমস্ত রকম সাহায্য করা হবে। বিজেপি-র ১০-১২ বছরের শাসনের ওপর একটি ‘চার্জশিট’ তৈরি করা উচিত বলেও এদিন কটাক্ষ করেন তিনি।