বিশ্বকাপ জিতে পাটনায় পা রেখেই আবেগপ্রবণ ঈশান! আগামীর লক্ষ্য নিয়ে কী শোনালেন খুদে পাওয়ার হাউজ?

টি-২০ বিশ্বকাপে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ঈশান কিষান। দু’মাস আগেও যার দলে থাকা নিয়ে সংশয় ছিল, সেই ঈশানই এখন দেশের নায়ক। মঙ্গলবার পাটনা বিমানবন্দরে পা রেখে এই বাঁহাতি ব্যাটার স্পষ্ট জানালেন, তাঁদের এই জয় দেশের হাজার হাজার তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে। বিমানবন্দরে ঈশানের সঙ্গে ছিলেন তাঁর বাবা প্রণব পাণ্ডেও।
ঈশানের পারফরম্যান্স ও লক্ষ্য: এবারের বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ঈশান (৩১৭ রান)। ফাইনালেও তাঁর ব্যাট থেকে এসেছে মহামূল্যবান অর্ধশতরান। ঈশান বলেন, “দল জিতেছে, এটা গোটা দেশের গর্ব। কঠোর পরিশ্রমই এই সাফল্যের চাবিকাঠি।” বিশ্বকাপের আমেজ কাটিয়ে এখন তাঁর পাখির চোখ আইপিএল, যেখানে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন। তাঁর বাবা প্রণব পাণ্ডের লক্ষ্য আরও দূরে—২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপ।
অর্শদীপের ওপর আইসিসির কোপ: বিশ্বজয়ের উৎসবের মধ্যেই দুঃসংবাদ পেলেন পেসার অর্শদীপ সিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে আইসিসির কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগে তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ১১তম ওভারে ড্যারিল মিচেলের দিকে অনর্থক বল ছোঁড়ার অপরাধে তাঁকে এই শাস্তি দেওয়া হল। যদিও ম্যাচের পর অর্শদীপ মিচেলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং জানিয়েছেন তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না।