লকারে ছাড় থেকে ১০ লক্ষের ক্যান্সার বিমা! মহিলাদের জন্য বাম্পার স্কিম আনল এই সরকারি ব্যাঙ্ক

মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে এক অনন্য উদ্যোগ নিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অফ বরোদা (BoB)। দেশের মহিলাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট— ‘বিওবি উইমেন স্যাফায়ার’ (Bob Women Sapphire) লঞ্চ করল এই ব্যাঙ্ক। কেবল টাকা জমানো নয়, এই অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে ১০ লক্ষ টাকার ক্যান্সার বিমা থেকে শুরু করে লাইফস্টাইলের একগুচ্ছ আকর্ষণীয় সুযোগ-সুবিধা।

স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ জোর: এই অ্যাকাউন্টের সবথেকে বড় আকর্ষণ হলো ১০ লক্ষ টাকার বিনামূল্যে ক্যান্সার কেয়ার কভারেজ (১৮ থেকে ৬০ বছর বয়সীদের জন্য)। এখানেই শেষ নয়, পরিবারের ৬ জন সদস্য পর্যন্ত বিনামূল্যে অনলাইন ডাক্তার দেখানোর সুবিধা পাবেন গ্রাহকরা। পাশাপাশি ওষুধের ওপর ১৫ শতাংশ এবং প্যাথলজি টেস্টের ওপর ২০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড় মিলবে।

লাইফস্টাইল ও ব্যাঙ্কিং সুবিধা: ‘উইমেন স্যাফায়ার’ অ্যাকাউন্টধারীরা পাবেন বিশেষ ‘বিওবি ভূমি রুপে সিলেক্ট’ ডেবিট কার্ড। এর মাধ্যমে মিলবে:

  • বিনামূল্যে ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস।

  • বিনামূল্যে জিম মেম্বারশিপ এবং স্পা/স্যালন সেশন।

  • ওটিটি (OTT) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং উবার কুপন।

  • ‘টিওরা’ ক্রেডিট কার্ডের প্রথম বছরের ফি-তে ৫০ শতাংশ ছাড়।

ঋণ ও লকারে ছাড়: ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রেও মহিলারা পাবেন বিশেষ অগ্রাধিকার। এই অ্যাকাউন্ট থাকলে লকার চার্জে ২০ শতাংশ (৫০০ টাকা পর্যন্ত) ছাড় পাওয়া যাবে। সবথেকে বড় সুবিধা হলো হোম লোনের ক্ষেত্রে। গৃহঋণের প্রসেসিং ফি-তে সরাসরি ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা।

কারা খুলতে পারবেন এই অ্যাকাউন্ট? যেকোনো মহিলা এই অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে প্রিমিয়াম পরিষেবার জন্য এই অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স (AMB) থাকতে হবে ১ লক্ষ টাকা। মূলত কর্মজীবী মহিলা এবং গৃহবধূদের উন্নত মানের ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।