বিচারব্যবস্থায় দুর্নীতি নিয়ে পাঠ্যবইয়ে ভুল তথ্য! সুপ্রিম কোর্টের ধমক খেয়ে ক্ষমা চাইল NCERT!

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে বিচার বিভাগের ‘দুর্নীতি’ সংক্রান্ত একটি অধ্যায় অন্তর্ভুক্ত করে চরম বিতর্কের মুখে পড়ল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT)। এই ঘটনায় সুপ্রিম কোর্ট তীব্র ক্ষোভ প্রকাশ করার পর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইল সংস্থাটি। একটি প্রেস বিবৃতির মাধ্যমে এনসিইআরটি তাদের এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট বইটি বাজার থেকে দ্রুত প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।

সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি
সম্প্রতি ‘এক্সপ্লোরিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সমাজবিজ্ঞান পাঠ্যবইয়ের চতুর্থ অধ্যায়ে বিচার বিভাগের সততা ও দুর্নীতি নিয়ে কিছু বিতর্কিত বিষয়বস্তু যোগ করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই সুপ্রিম কোর্ট বইটির মুদ্রণ ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত অত্যন্ত কড়া ভাষায় জানান, “কোনও অবস্থাতেই বিচার বিভাগের সম্মান ও সততাকে কালিমালিপ্ত করতে দেওয়া হবে না। এমন কোনও কাজ বা তথ্য বরদাস্ত করা হবে না যা বিচার ব্যবস্থার স্বচ্ছতাকে জনগণের সামনে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।”

আইনি লড়াই ও ক্ষমা প্রার্থনা
এই বিতর্কিত বিষয়টি প্রথম আদালতের নজরে আনেন দুই প্রবীণ আইনজীবী তথা বিচারপতি কপিল সিবাল এবং অভিষেক মনু সিংভি। তাঁদের আপত্তির ভিত্তিতেই আদালত হস্তক্ষেপ করে। এরপরই এনসিইআরটি পিছু হটতে বাধ্য হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়াদের কাছে সঠিক, বস্তুনিষ্ঠ এবং যথাযথ তথ্য পৌঁছে দিতে তারা সর্বদা দায়বদ্ধ। ভবিষ্যতে পাঠ্যবই সম্পাদনার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা হবে বলেও আশ্বস্ত করেছে তারা। ইতিমধ্যেই ওয়েবসাইট থেকেও ওই বইটির ডিজিটাল সংস্করণ সরিয়ে নেওয়া হয়েছে।