বেগুনকোদরের সেই অভিশপ্ত স্টেশন এবার বড় পর্দায়! ৪২ বছরের রহস্য কি ফাঁস করবেন ডা. নয়ন?

১৯৬৭ সাল। পুরুলিয়ার ঝালদা এলাকার বেগুনকোদর স্টেশনে এক রহস্যময় মৃত্যুতে প্রাণ হারান স্টেশন মাস্টার ও তাঁর পরিবার। এরপর থেকেই শুরু হয় ভৌতিক উপদ্রব। দীর্ঘ ৪২ বছর রেলকর্মীদের আতঙ্কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই কুখ্যাত স্টেশনই এবার সেলুলয়েডের পর্দায়। অভিনেত্রী-প্রযোজক সুচন্দ্রা ভানিয়া এবার পরিচালকের আসনে, সঙ্গী চন্দ্রোদয়। তাঁদের নতুন ছবি ‘পরবর্তী স্টেশন বেগুনকোদর’ নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা।
ছবির গল্প আবর্তিত হয়েছে ২০০৯ সালের প্রেক্ষাপটে। কার্ডিয়াক সার্জন তথা যুক্তিবাদী গবেষক ডা. নয়ন মুখোপাধ্যায় (সোহম মজুমদার)-কে দায়িত্ব দেওয়া হয় বেগুনকোদরের ‘ভূতের রহস্য’ উদ্ঘাটনের। সরকার যখন স্টেশনটি পুনরায় চালু করার কথা ভাবছে, তখনই সত্যের অনুসন্ধানে সেখানে পৌঁছান নয়ন ও তাঁর দল। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন, রহস্য যতটা না অলৌকিক, তার চেয়েও বেশি জড়িয়ে আছে স্থানীয় বিশ্বাস, ভয় এবং মাওবাদী গতিবিধির মতো জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের সঙ্গে।
পরিচালক সুচন্দ্রা ও চন্দ্রোদয়ের মতে, “এটি শুধু একটি ভূতের গল্প নয়, বরং চার দশক ধরে একটি জনপদ বিচ্ছিন্ন হয়ে থাকার মানবিক কাহিনী।” ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্যান্ডি রং, প্রেরণা দাস এবং সামিউল। বিশ্বাস আর বাস্তবতার সূক্ষ্ম সীমারেখা নিয়ে তৈরি এই হরর-কমেডি ছবিটি খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সিনেমা হলে।