তৃণমূলের দুর্গে দাঁড়িয়েই হুঙ্কার, বিজেপিতে যোগ দিয়েই বিধায়ক রামেন্দুকে ওপেন চ্যালেঞ্জ সন্তু পানের!

তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন নব্য বিজেপি নেতা সন্তু পান। বিজেপিতে যোগ দেওয়ার পর আজ প্রথম তারকেশ্বরে এক বিশাল জনসভায় ভাষণ দেন তিনি। আর প্রথম ভাষণেই তাঁর নিশানায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়।
এদিন মঞ্চে উঠেই সন্তু পান অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে তৃণমূলের ‘কাটমানি’ সংস্কৃতি এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সাধারণ মানুষের হক কেড়ে নিচ্ছে শাসকদলের নেতারা। সর্বত্র কাটমানি আর তোলাবাজি চলছে।” তাঁর দাবি, বাংলার মানুষ এই শাসনব্যবস্থা থেকে মুক্তি চাইছে এবং সেই মুক্তির পথ একমাত্র ভারতীয় জনতা পার্টি।
বিশেষভাবে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের নাম উল্লেখ করে সন্তু পান বলেন, “ভয় দেখিয়ে রাজনীতি করার দিন শেষ। আমি এখানে চ্যালেঞ্জ করতে এসেছি। সাধারণ মানুষের টাকা নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের জবাব দিতে সন্তু পান আজ ময়দানে নেমেছে।” তাঁর এই ঝাঁঝালো বক্তব্যে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।
বক্তব্য শেষ করার আগে তিনি সমর্থকদের উদ্দ্যেশ্যে বলেন, “এবার লক্ষ্য একটাই—মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানো। সোনার বাংলা গড়তে হলে এই ভ্রষ্ট সরকারকে উপড়ে ফেলতে হবে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সন্তু পানের এই আগ্রাসী মেজাজ আগামী দিনে তারকেশ্বর তথা হুগলি জেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।