সম্পত্তির পাহাড়ে বিজেপি! ৬ দলের মোট আয়ের ৮৫ শতাংশই গেরুয়া শিবিরে, আরও রিক্ত ‘হাত’

২০২৪-২৫ অর্থবর্ষের রাজনৈতিক দলগুলির আয়ের খতিয়ান প্রকাশ করল নির্বাচন কমিশন। ৬টি জাতীয় দলের পেশ করা হিসেব অনুযায়ী, সম্পদের নিরিখে বাকিদের কয়েক যোজন দূরে ফেলে দিয়েছে বিজেপি। বর্তমানে ভারতের ৬টি প্রধান জাতীয় দলের মোট সম্পদের ৮৫ শতাংশেরই মালিক ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের আয় কমার ধারা অব্যাহত রয়েছে।
দলে দলে আয়ের হালহকিকত (২০২৪-২৫):
-
বিজেপি (BJP): এই অর্থবর্ষে বিজেপির আয় হয়েছে ৬,৭৬৯.১৪ কোটি টাকা। আগের বছরের তুলনায় যা প্রায় ৫৫ শতাংশ বেশি। এই পরিমাণ ৬টি দলের সম্মিলিত আয়ের সিংহভাগ।
-
কংগ্রেস (INC): আয়ের নিরিখে দ্বিতীয় স্থানে থাকলেও কংগ্রেসের ভাঁড়ারে টান পড়েছে। তাদের আয় ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১৮.২৮ কোটি টাকায়।
-
আম আদমি পার্টি (AAP): দিল্লি সরকার হারানোর বছরেও চমক দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তাদের আয় রেকর্ড ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৯.২৮ কোটি টাকা।
-
সিপিএম (CPM): বামেদের আয় সামান্য বেড়ে হয়েছে ১৭২.৬০ কোটি টাকা (বৃদ্ধি ২.৯৬%)।
আয় বনাম ব্যয়ের হিসাব: মজার বিষয় হলো, বিজেপি এবং আপ ছাড়া প্রায় সব দলেরই খরচ তাদের আয়ের সীমা ছাড়িয়ে গিয়েছে।
-
বিজেপি তাদের মোট আয়ের মাত্র ৫৫ শতাংশ (৩,৭৭৪.৫৮ কোটি) খরচ করেছে।
-
কংগ্রেস আয়ের চেয়ে ১৯৩ কোটি টাকা বেশি খরচ করেছে (মোট ব্যয় ১,১১১.৯৪ কোটি)।
-
মায়াবতীর বিএসপি-র অবস্থা সবথেকে করুণ; তারা আয়ের চেয়ে ৪৭ শতাংশ বেশি টাকা খরচ করেছে।
আয়ের উৎস কী? রাজনৈতিক দলগুলির আয়ের প্রধান উৎস হলো অনুদান। আপ-এর আয়ের ৯৯.৮৫% এবং বিজেপির ৯০.৪৮% টাকা এসেছে অনুদান থেকে। অন্যদিকে, বিএসপি-র আয়ের পুরোটাই এসেছে অনুদান ছাড়া অন্য উৎস থেকে।