বিনিয়োগে দেরি মানেই সর্বনাশ! জানুন কেন ‘পরের মাস’ নয়, আজ থেকেই শুরু করা জরুরি

“পরের মাস থেকে পাক্কা সেভিংস শুরু করব”— এই বহুল প্রচলিত বাক্যটিই আপনার অজান্তে আপনার কোটিপতি হওয়ার সুযোগ কেড়ে নিচ্ছে। ফিন্যান্সের ভাষায় একে বলা হয় ‘ডিলে কস্ট’ (Delay Cost) বা দেরি করার মাশুল। আমরা প্রায়ই ভাবি অল্প কয়েক দিনের দেরিতে আর কী-ই বা হবে? কিন্তু চক্রবৃদ্ধি হারের জাদুতে এই দেরিটাই শেষে গিয়ে কয়েক কোটির ব্যবধান গড়ে দেয়।
সময়ের অঙ্ক না সুদের হার? অধিকাংশ মানুষ বিনিয়োগের ক্ষেত্রে শুধু সুদের হারের পেছনে ছোটেন। কিন্তু ফিন্যান্সিয়াল বিশেষজ্ঞরা বলছেন, সুদের হারের চেয়েও শক্তিশালী অস্ত্র হল ‘সময়’। আপনি আপনার টাকাকে বাড়তে ঠিক কতটা সময় দিচ্ছেন, তার ওপরই নির্ভর করছে আপনার ভবিষ্যৎ তহবিলের চেহারা। চক্রবৃদ্ধি সুদ শুরুর দিকে ধীর গতিতে বাড়লেও শেষের দিকে তা রকেটের গতিতে ছোটে।
একটি উদাহরণ যা আপনার চোখ খুলে দেবে: ধরা যাক, ২৫ বছর বয়সে আপনি প্রতি মাসে ১০,০০০ টাকার একটি এসআইপি (SIP) শুরু করলেন। ১২ শতাংশ বার্ষিক রিটার্ন ধরলে ৬০ বছর বয়সে আপনার হাতে থাকবে প্রায় ৬.৫ কোটি টাকা। এখন ধরুন, আপনি ১ বছর আলসেমি করে ২৬ বছর বয়স থেকে ওই একই বিনিয়োগ শুরু করলেন। ৬০ বছর বয়সে আপনার তহবিলে থাকবে প্রায় ৫.৮ কোটি টাকা। মাত্র ১২ মাসের দেরির জন্য আপনি হারালেন প্রায় ৭০ লক্ষ টাকা! দেরিটা যদি ৫ বছরের হয়, তবে সেই ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি।
কেন আমরা দেরি করি? আমাদের মস্তিষ্ক বর্তমানের আনন্দকে (নতুন ফোন বা রেস্তোরাঁয় খাওয়া) ভবিষ্যতের স্বাচ্ছন্দ্যের চেয়ে বেশি গুরুত্ব দেয়। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘প্রেজেন্ট বায়াস’। এই মানসিকতার কারণেই আমরা কোটিপতি হওয়ার সুযোগ হারাই।
সমাধান কী? বিশেষজ্ঞদের পরামর্শ হলো—বড় অঙ্কের জন্য অপেক্ষা না করে মাত্র ১০০০ টাকা দিয়েই আজ শুরু করুন। মনে রাখবেন, বিনিয়োগ শুরু করার সেরা সময় ছিল গতকাল, দ্বিতীয় সেরা সময় হল আজ।