“বিজেপির দালালি বন্ধ করুন,” সরকারি আধিকারিকদের বশে আনতে দিল্লির কর্তাদের তোপ মমতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই যুদ্ধংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মেট্রো চ্যানেলের ধর্নামঞ্চ থেকে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন তিনি। আধিকারিকদের ভয় দেখানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারির সুরে প্রশ্ন ছুঁড়লেন, “মে মাসের পর আপনি থাকবেন তো?”
“সাহস ভালো, দুঃসাহস নয়” রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরের মাঝেই মুখ্যমন্ত্রীর এই আক্রমণ রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মমতা বলেন, “এই যে জ্ঞানেশ কুমার, আজকে অফিসারদের থ্রেট করেছেন। উনি নাকি মে মাসের পরেও অ্যাকশন নেবেন! সাহস থাকা ভালো, দুঃসাহস নয়। মনে রাখবেন, রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। মে মাসের পর যখন বিজেপি থাকবে না, তখন প্রথম ট্রান্সফারটা আমি আপনাকেই করব।”
ভোটার তালিকা ও ইভিএম জালিয়াতির অভিযোগ মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশন এআই (AI) ব্যবহার করে কয়েক লক্ষ জীবিত ভোটারের নাম কেটে দিয়েছে। মৃত ভোটারের তালিকা প্রসঙ্গে তাঁর বিতর্কিত মন্তব্য, “মনে রাখবেন মৃত আত্মা ঘুরে বেড়াচ্ছে। ভয় দেখিয়ে লাভ নেই।” তিনি ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। তাঁর দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বিবাহিতা মহিলা এবং ঠিকানা পরিবর্তন করা নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
অফিসারদের প্রতি কড়া বার্তা বিজেপির কথায় কাজ করা আধিকারিকদেরও এদিন রেয়াত করেননি মমতা। তিনি বলেন, “বিজেপি আজ আছে, কাল নেই। কিন্তু যারা আজ দালালি করছেন, তাঁরা কোথায় যাবেন? যারা চাকরি দিয়েছিলাম আমি জানি। সময় এলে সব হিসেব হবে।” সবাইকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি চ্যালেঞ্জ ছুঁড়লেন, এজেন্সি দিয়ে কাগজ বিলি করে বা ভয় দেখিয়ে বাংলার মানুষকে হারানো যাবে না।