‘জয়ী না-হলেও ন্যূনতম ভোট চাই’, প্রত্যেক বুথে কংগ্রেসের পতাকা পৌঁছানোর বার্তা অধীরের 294 আসনে

প্রায় দুই দশক পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কারোর হাত না ধরে, এককভাবে লড়াই করার চূড়ান্ত প্রস্তুতি শুরু করল প্রদেশ কংগ্রেস। সোমবার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে ২৯৪টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে ম্যারাথন আলোচনা চলে। বৈঠকে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্ষীয়ান নেতা অধীর চৌধুরী দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে, সাংগঠনিক দুর্বলতা থাকলেও রাজ্যের প্রতিটি বুথে যেন কংগ্রেসের পতাকা দেখা যায়।

প্রার্থী হতে চেয়ে পাঁচ হাজার আবেদন বিধান ভবন সূত্রে খবর, এবারের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রাজ্যজুড়ে ৫ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। বৈঠকে উপস্থিত নেতাদের একটি চার পাতার ফর্ম দেওয়া হয়, যেখানে প্রতিটি আসনের জন্য তিনজন পছন্দের প্রার্থীর নাম এবং তাঁদের যোগ্যতার কারণ উল্লেখ করতে বলা হয়েছে। অধীর চৌধুরী বলেন, “প্রতিটি বিধানসভায় এমন ব্যক্তিকে প্রার্থী করতে হবে, যিনি জয়ী হতে না-পারলেও যেন ন্যূনতম ভোট পান। হাত চিহ্নের মর্যাদা রক্ষা করতে হবে।”

নেতৃত্বের উপস্থিতি ও যোগদান মেলা এদিনের হাই-প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ইনচার্জ গোলাম আহমেদ মীর, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য এবং ইশা খান চৌধুরীর মতো শীর্ষ নেতারা। এই বৈঠকের মাঝেই ব্যারাকপুর বিজেপির একাধিক নেতা ও কর্মী পদ্ম ছেড়ে হাত শিবিরে নাম লেখান। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শুভঙ্কর সরকার ও গোলাম আহমেদ মীর।

চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লির হাতে বৈঠকে গৃহীত সমস্ত প্রস্তাব এবং সম্ভাব্য নামগুলো স্ক্রিনিংয়ের পর এআইসিসি-র (AICC) কাছে পাঠানো হবে। প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি। রাজনৈতিক মহলের মতে, জোটের অঙ্ক ভুলে একলা চলায় কংগ্রেসের ভোটব্যাঙ্ক কতটা অটুট থাকে, এখন সেটাই বড় চ্যালেঞ্জ বিধান ভবনের কাছে।