রাষ্ট্রপতিকে তৃণমূলের চিঠি! ভোটার তালিকা থেকে আদিবাসীদের নাম বাদ যাওয়া নিয়ে তুঙ্গে সংঘাত

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে শাসক-বিরোধী সংঘাত এবার পৌঁছাল রাষ্ট্রপতি ভবন পর্যন্ত। উত্তরবঙ্গ সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসীদের অবহেলার যে অভিযোগ তুলেছিলেন, তার পালটা চাঞ্চল্যকর পদক্ষেপ নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দার্জিলিং জেলার প্রায় লক্ষাধিক আদিবাসী ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে দাবি করে সরাসরি রাষ্ট্রপতিকে চিঠি ও নামের তালিকা পাঠাচ্ছেন তিনি। তৃণমূলের এই পদক্ষেপকে ঘিরেই এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
গৌতম দেবের বিস্ফোরক দাবি: সোমবার শিলিগুড়িতে আদিবাসী প্রতিনিধিদের নিয়ে এক সাংবাদিক বৈঠকে গৌতম দেব জানান, শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া, ফাঁসিদেওয়া এবং ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকা মিলিয়ে কয়েক হাজার আদিবাসী ও সংখ্যালঘুর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অথবা ‘অ্যাডজুডিকেশন’ (বিচারধীন) তালিকায় রাখা হয়েছে। তাঁর ব্যঙ্গাত্মক মন্তব্য, “আদিবাসীদের জন্য রাষ্ট্রপতি বা বিজেপি যদি সত্যিই ব্যথিত হন, তবে রাষ্ট্রপতি নিজের ক্ষমতা প্রয়োগ করে এই নামগুলো তালিকায় তুলে দিন।” মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী, শিলিগুড়ি মহকুমার ৪২টি চা-বাগানের প্রায় ৬৫০ জন আদিবাসীর নামও রহস্যজনকভাবে বাদ গিয়েছে।
বিজেপির পাল্টা আক্রমণ: গৌতম দেবের এই চিঠি পাঠানো নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তাঁর অভিযোগ, “আগে রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, আর এখন তৃণমূল তাঁকে নিজেদের নোংরা রাজনীতিতে ব্যবহার করতে চাইছে।” শঙ্করবাবুর দাবি, যাঁদের নাম বিচারাধীন আছে, তাঁদের নাম এখনো পুরোপুরি বাদ যায়নি, প্রক্রিয়া চলছে। রাজনৈতিক ফায়দা তুলতেই তৃণমূল এভাবে রাষ্ট্রপতির পদকে বিতর্কে জড়াচ্ছে বলে দাবি পদ্ম শিবিরের।