বিশ্বজয়ের রাতেই অলিম্পিক সোনার স্বপ্ন সূর্যের! ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট, লক্ষ্য পোডিয়ামের শীর্ষস্থান

আমেদাবাদে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত। মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে আইসিসি ট্রফি জয়ের কৃতিত্ব গড়লেন সূর্যকুমার যাদব। তবে জয়ের উৎসবের মাঝেই সূর্য জানিয়ে দিলেন তাঁর পরবর্তী গন্তব্য। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট, আর সেখানেই দেশের হয়ে সোনা জেতা এখন সূর্যের প্রধান লক্ষ্য।
ফাইনালে ভারত ২৫৫ রানের পাহাড় গড়লেও ব্যাট হাতে সূর্যকুমার যাদব (গোল্ডেন ডাক) সফল হননি। পুরো টুর্নামেন্টে তাঁর সংগ্রহ মাত্র ২৪২ রান। তবে অধিনায়ক হিসেবে দলকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। ম্যাচের নায়ক জসপ্রীত বুমরা ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেও, পুরো টুর্নামেন্টে অতিমানবীয় ব্যাটিং করে (৩২১ রান) টুর্নামেন্টের সেরা হয়েছেন সঞ্জু স্যামসন। জয়ের পর সূর্য বলেন, “পরবর্তী লক্ষ্য হল অলিম্পিক্সে সোনা জয় এবং একই বছরে হতে চলা পরবর্তী টি-২০ বিশ্বকাপ জেতা।” ২০২৮ সালে পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই ৬টি করে দল নিয়ে টি-২০ ফরম্যাটে অলিম্পিক্সের আসর বসবে।