ঘরে বসেই মহাকাশ ভ্রমণ! আর্টেমিস ২ মিশনের লাইভ ট্র্যাকিংয়ের জন্য নয়া ওয়েবসাইট আনল নাসা

নাসার আর্টেমিস ২ মিশনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের এপ্রিল মাসেই চার মহাকাশচারীকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে ওরিয়ন স্পেসশিপ। এই রোমাঞ্চকর অভিযানের খুঁটিনাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নাসা চালু করেছে Artemis Real-time Orbit Website (AROW)। ইউনিটি গেম ইঞ্জিনের ওপর ভিত্তি করে তৈরি এই ওয়েবসাইটের মাধ্যমে মহাকাশযানের অবস্থান, গতিবেগ এবং পরিবেশ সংক্রান্ত তথ্য সরাসরি দেখা যাবে।
এই ১০ দিনের মিশনে কমান্ডার রেইড উইশম্যানের নেতৃত্বে ভিক্টর গ্লোভার, জেরেমি হানসেন এবং ক্রিশ্চানা কোচি চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করবেন। যদিও তাঁরা চাঁদের মাটিতে নামবেন না, তবে পরবর্তী লুনার মিশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন। নাসা জানিয়েছে, রকেট উৎক্ষেপণের এক মিনিট পর থেকেই এই রিয়েল-টাইম তথ্য ওরিয়ন স্পেসশিপের সেন্সর থেকে সরাসরি হিউস্টনের জনসন স্পেস সেন্টারে পৌঁছাবে এবং সেখান থেকে আপডেট হবে ওয়েবসাইটে। মোবাইল ব্যবহারকারীদের জন্য থাকছে অগমেন্টেড রিয়েলিটি (AR) ট্র্যাকারও।