“আমাকে বলছেন ডোন্ট শাউট!”—মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ফিরহাদ-চন্দ্রিমার

কলকাতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে তৈরি হলো চরম উত্তেজনা। বৈঠক শেষে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে। তৃণমূলের দাবি, কমিশনার তাঁদের অভাব-অভিযোগ শুনতে চাননি, উল্টে মেজাজ হারিয়ে উত্তেজিত প্রতিক্রিয়া দিয়েছেন।
তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম জানান, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR) নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলাটির প্রসঙ্গ তুলে কমিশনার তাঁদের বারবার বাধা দেন। অভিযোগ, কংগ্রেসের সঙ্গে আলোচনার সময়ও জ্ঞানেশ কুমার প্রশ্ন তোলেন যে, মামলা যখন আদালতে, তখন ফের ৬০ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হচ্ছে কেন? চন্দ্রিমা ভট্টাচার্য এর কড়া জবাব দিয়ে সংবাদমাধ্যমকে বলেন, “সুপ্রিম কোর্টে যাওয়া আমাদের সাংবিধানিক অধিকার। মানুষের স্বার্থেই আমরা আদালতে গিয়েছি। সুপ্রিম কোর্টে গিয়েছি, বেশ করেছি! কিন্তু সব বিষয় যদি আদালতেই থাকে, তবে আমাদের বৈঠকে ডাকা হলো কেন? ডাকলে আমাদের বক্তব্য শুনতেই হবে।” এমনকি কমিশনার তাঁকে ‘ডোন্ট শাউট’ (চিৎকার করবেন না) বলেও ধমক দিয়েছেন বলে অভিযোগ করেন চন্দ্রিমা। এই ঘটনায় ভোট ঘোষণার আগেই কমিশন বনাম শাসক দল সংঘাত তুঙ্গে উঠল।