অনলাইন প্রেমে বাধা দেওয়ায় যমজ বোনকে ৮৪ বার কোপ! মাকেও ‘চমক’ দিতে ডেকে খুনের চেষ্টা

উত্তরপ্রদেশের মোরাদাবাদে ঘটে গেল এক পৈশাচিক হত্যাকাণ্ড, যা হার মানাবে যে কোনো ক্রাইম থ্রিলারকেও। ইনস্টাগ্রামে গড়ে ওঠা এক ভার্চুয়াল সম্পর্কের নেশায় মত্ত হয়ে নিজের যমজ বোন হিমশিখাকে ৮৪ বার ছুরির কোপ মেরে খুন করল ২৫ বছর বয়সি ইঞ্জিনিয়ার ভাই হার্দিক। গত শুক্রবার বুদ্ধ বিহার এলাকার বাড়িতে এই ঘটনাটি ঘটে। বোনকে নৃশংসভাবে হত্যার পর অভিযুক্ত হার্দিক তার মা নীলিমাকেও খুনের চেষ্টা করে।
পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হার্দিক গত দেড় বছর ধরে পুনের এক তরুণীর সঙ্গে অনলাইন প্রেমে হাবুডুবু খাচ্ছিল। পেশায় আইটি ইঞ্জিনিয়ার হার্দিক চাকরি ছেড়ে দিয়ে দিনরাত সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকত। বোন হিমশিখা তাকে এই নেশা ছেড়ে কেরিয়ারে মন দেওয়ার পরামর্শ দিতেন। এই ‘হস্তক্ষেপ’ সহ্য করতে না পেরে হার্দিক রান্নাঘরের ছুরি দিয়ে বোনের বুক, পেট ও গলায় ৮৪ বার আঘাত করে। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে, তার লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলিও ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।
ভয়াবহ এই কাণ্ডের পর হার্দিক তার মাকে ফোন করে ‘চমক’ দেওয়ার নাম করে অফিস থেকে বাড়ি ডেকে পাঠায়। মা ঘরে ঢুকতেই রক্তাক্ত অবস্থায় মেয়ের দেহ দেখতে পান এবং হার্দিক তাঁকেও আক্রমণ করে। কোনোমতে প্রাণ বাঁচিয়ে মা নীলিমা প্রতিবেশীদের সাহায্য চান। বর্তমানে নীলিমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ অভিযুক্ত হার্দিককে গ্রেফতার করেছে। এই ঘটনাটি আধুনিক জীবনে সোশ্যাল মিডিয়ার আসক্তি এবং মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।